হাতিরঝিলের পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মনোরম সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠা হাতিরঝিল প্রকল্পের পরিচ্ছন্নতা ও পরিবেশগত সৌন্দর্য ক্ষতির মুখে পড়েছে। চারপাশের পয়োবর্জ্য, গৃহস্থালির বর্জ্য এবং কারওয়ান বাজার-পান্থপথের বারোয়ারি বর্জ্য ঝিলে এসে পড়ায় পানি নষ্ট হচ্ছে। এতে প্রকল্প এলাকার কয়েকটি জায়গায় বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যেখানে-সেখানে বখাটেদের আড্ডা সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করছে।পশ্চিমে বিমানবন্দর সড়ক ও সোনারগাঁও হোটেল, উত্তরে বেগুনবাড়ী, তেজগাঁও শিল্প এলাকা ও গুলশান, দক্ষিণে ইস্কাটন-মগবাজার-মধুবাগ-উলন এবং পূর্বে প্রগতি সরণি ও বিটিভি ভবনের মাছের জায়গাজুড়ে এই বিশাল প্রকল্প নগরবাসীর মন জুড়িয়েছিল। ১৭ কিলোমিটার দীর্ঘ সড়কপথ, চারটি সেতু, চারটি ওভারপাস, তিনটি সেতুপথ (ভায়াডাক্ট), আট কিলোমিটার ফুটপাত, পরিকল্পিতভাবে রোপিত সারিবদ্ধ বৃক্ষরাজি, সবুজ চত্বর ও বেষ্টনী এবং স্বচ্ছ পানির ঝিল দেখে মনে হয়েছিল, বিদেশের কোনো পর্যটনের স্থান।চলতি বছরের ২ জানুয়ারি উদ্বোধনের পর যেসব দর্শনার্থী হাতিরঝিলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন, তাঁরা এখন গিয়ে বিরক্ত ও হতাশ হচ্ছেন। এই অবস্থায় হাতিরঝিল প্রকল্প রক্ষণাবেক্ষণে করণীয় বিষয়ে গত মঙ্গলবার প্রকল্প এলাকায় তদারকি ও ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়। বৈঠকে হাতিরঝিলের পানি ভালো রাখতে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়।জানা গেছে, বৃষ্টি হলে ইস্কাটন, মগবাজার, কারওয়ান বাজার ও পান্থপথের স্টর্ম সুয়ারেজের (বক্স কালভার্ট) পথ ধরে কাঁঠালবাগান, কলাবাগান, পরীবাগ, গ্রিন রোড ইত্যাদি এলাকার বর্জ্য উপচে গিয়ে পড়ছে হাতিরঝিলে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এবং বেগুনবাড়ী-হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের মূল পরিকল্পনাকারী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাতিরঝিল এখন সুখানুভূতির চেয়ে দর্শনার্থীদের কষ্টের কারণ হয়ে যেতে বসেছে বলে মনে হয়। আমরা ব্যাধিগ্রস্ত জলাশয় পরিষ্কার করলাম, অথচ এখন বাইরের ব্যাধিতে ভরে যাচ্ছে ঝিল।’ এর জন্য ওয়াসা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।পরিশোধন ছাঁকনিতে মরা মুরগি, বালিশ: প্রকল্পের পশ্চিমাংশে ঝিলে কঠিন বর্জ্য যাতে না পড়ে, সে জন্য বৈদ্যুতিক ছাঁকনি (মেকানিক্যাল স্ক্রিন) বসানো হয়েছে। সেই ছাঁকনিতে নিয়মিত পাওয়া যাচ্ছে মরা মুরগি, গরু-ছাগলের নাড়িভুঁড়ি, বিভিন্ন খাবারের প্যাকেট, লেপ-তোষক-বালিশের অংশবিশেষ। এতে ছাঁকনিই অকেজো হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।সেতুর ওপর অবাঞ্ছিত ভিড়: সরেজমিনে দেখা যায়, প্রকল্পের সেতুগুলোর দুই পাশের রেলিংয়ে বসে আছে লুঙ্গি, গামছা পরা লোকজন। তাদের কেউ কেউ সিগারেট ফুঁকছে। কেউ কেউ নারী দর্শনার্থীদের উদ্দেশ করে এটা-ওটা বলছে। তাই ফুটপাতেও বেশিক্ষণ দাঁড়াতে পারছেন না দর্শনার্থীরা।নিউইয়র্কপ্রবাসী জসীম উদ্দিন দেশে এসে প্রশংসা শুনেছেন হাতিরঝিলের। তিনি পরিবার নিয়ে এসেছেন গত বৃহস্পতিবার। বললেন, বখাটেদের কারণে ফুটপাতে দাঁড়ানো যায় না। অথচ সেখানে না দাঁড়িয়ে ঝিলের সৌন্দর্য উপভোগের উপায় নেই।রাস্তায় ও সেতুগুলোর ওপর দেখা গেল, একদল বেয়াড়া তরুণ সার্কাসের ঢঙে এক চাকায় মোটরসাইকেল চালানো বা এক চাকায় ভর করে চারপাশে চক্কর দেওয়া, রাস্তায় চলন্ত মোটরসাইকেলের চাকা ঘষে প্রচণ্ড শব্দ তৈরি করে উল্লাস করছিলেন।শুরুতে প্রকল্প এলাকায় রিকশা চলাচল বন্ধ ছিল। এখন রিকশা চলছে। বেপরোয়া গতিতে উল্টোপথে (রং সাইড) মোটরসাইকেল চালানো হচ্ছে। এতে দুর্ঘটনাও ঘটছে।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, প্রকল্পের ‘আয় থেকে ব্যয়’ করার পদ্ধতি হাতে নিয়ে নিরাপত্তা, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।কমিটির বৈঠক: হাতিরঝিল প্রকল্পের তদারকি ও ব্যবস্থাপনা কমিটি গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে ঝিলের পানি ভালো রাখতে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছে। প্রকল্প রক্ষণাবেক্ষণের খরচ জোগাতে প্রকল্পকে স্বনির্ভর করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ জন্য প্রকল্প এলাকায় ১৭টির মতো বিনোদন উপাদান যোগ করার প্রস্তাব করা হয়। তবে একটি প্রকল্পে বিনোদনের এত সমাহার ঘটানো হলে প্রকল্প এলাকা জনাকীর্ণ এবং সেখানে যানজটও তৈরি হতে পারে বলে বৈঠকে একাধিক বক্তা মত প্রকাশ করেন। তাঁরা বলেন, এখানে মানুষ উন্মুক্ত জলরাশি দেখতে চায়। গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন এসব প্রস্তাব খতিয়ে দেখতে দুটি উপকমিটি গঠনের কথা বলেন। আগামী বছরের জুলাই নাগাদ প্রকল্পটি স্বনির্ভর করা যায় কি না, সে বিষয়েও যাচাই-বাছাই করতে বলেন তিনি।