হাতিরপুল-সার্ক ফোয়ারা-পান্থপথ রাস্তা রোববার পর্যন্ত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন টুইন টাওয়ার ভবনের পাইলিং ধসে রাস্তার কিছু অংশ ভেঙে পড়ায় হাতিরপুল-সার্ক ফোয়ারা-পান্থপথ সড়ক রোববার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঘটনাস্থল থেকে প্রথম আলোকে এ সিদ্ধান্তের কথা জানান দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘এখনো ঘটনাস্থলের আশপাশের রাস্তা ঝুঁকিমুক্ত নয়। এটা ঝুঁকিমুক্ত করতে ২৪ ঘণ্টা কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা চাইছি।’ রোববারে মধ্যে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ও নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ধসের স্থান ও আশপাশের এলাকা ঝুঁকিমুক্ত করারও আহ্বান জানান তিনি।
গত বুধবার সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দুই দফা ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবনের পাইলিংয়ের একটি অংশসহ পাশের সড়ক ধসে পড়ে। এতে হুমকির মুখে পড়ে সুন্দরবন হোটেল। বিকেল তিনটার দিকে ধসে পড়া ওই স্থানে বালু ফেলার সময় ফের ধস দেখা দেয়। বিকেল সাড়ে চারটার দিকে সুন্দরবন হোটেলের বেজমেন্টের একটি অংশও ভেঙে পড়ে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, হাতিরপুল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার দিকে আসার রাস্তা বন্ধ করা রয়েছে। অন্যদিকে বসুন্ধরা সিটির উল্টো দিকে সার্ক ফোয়ারার দিকে আসার রাস্তাটি বন্ধ। সেখানে র‍্যাবসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারা দিচ্ছে। ধসে পড়া স্থানে বালি ফেলা হচ্ছে।
এম এক্স কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানও এই নির্মাণকাজে জড়িত বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার বলে পরিচয় দেওয়া সালাহ উদ্দিন দাবি করেন, নির্মাণকাজে কোনো ত্রুটি ছিল না। যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিয়েই নির্মাণকাজ শুরু করা হয়েছে। ভূ-গর্ভস্থ কাজের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভবন নির্মাণের জন্য করা গর্তের পাশ দিয়ে ওয়াসার পানির পাইপ যাওয়ায় সেখান দিয়ে ধসের ঘটনা ঘটেছে। সালাহ উদ্দিনের ভাষ্য, সুন্দরবন হোটেল যেন হেলে না পড়ে সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই জায়গায় বালু ফেলা হচ্ছে।