হাতিরপুল, সেন্ট্রাল রোডে দিনে পানি আসে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার গভীর নলকূপের উত্তোলন ক্ষমতা কমে যাওয়ায় হাতিরপুল, ভূতেরগলি, সেন্ট্রাল রোড, সার্কুলার রোডসহ আশপাশের এলাকার বাসিন্দারা পানির কষ্টে রয়েছেন। এসব এলাকায় পালা করে (রেশনিং) পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু কিছু বাড়িতে মাঝে মাঝে পানিই আসে না।
দায়িত্বশীল সূত্রে জানা যায়, সময়মতো নতুন পাম্প না বসানোয় এবং পুরোনো পাম্প মেরামত না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। হাতিরপুল, সেন্ট্রাল রোড, সার্কুলার রোডসহ আশপাশের এলাকার পানি সরবরাহ করা হচ্ছে পান্থকুঞ্জ পার্ক, সেন্ট্রাল রোড প্রভৃতি পাম্প থেকে। একটি পাম্পের উত্তোলন ক্ষমতা যদি প্রতি সেকেন্ডে দুই হাজার লিটার হয়, এখন হচ্ছে প্রায় অর্ধেক। যার জন্য পালা করে সরবরাহ করা হচ্ছে। এসব এলাকা ওয়াসার তিন নম্বর (লালমাটিয়া) অঞ্চলের অধীনে। ফ্রি-স্কুল স্ট্রিটের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, চলতি মাসের শুরুতে এলাকায় টানা চার দিন পানি ছিল না। এ বিষয়ে ওই সময়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরপর কয়েক দিন কিছু পানি পাওয়া গেলেও গত সপ্তাহে আবার টানা তিন দিন পানি পাওয়া যায়নি। এলাকাবাসী লালমাটিয়া আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করলে বলা হয়, পাম্পে সমস্যা চলায় পালা করে পানি সরবরাহ করা হবে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পানি থাকবে না। এরপর রাত আটটা থেকে সকাল আটটার আগ পর্যন্ত পাওয়া যাবে।
হাতিরপুল, ফ্রি-স্কুল স্ট্রিটের ৩৮৭ নম্বর বাড়ি থেকে ৩৯৫ নম্বর ভুক্তভোগীরা জানান, রাতে পানি পাওয়া যাবে বলার পর তাঁরা অনেকটা নিশ্চিন্তে ছিলেন। কিন্তু বাস্তবে রাত তিনটা-চারটার আগে পানি পাওয়া যায় না। এমনকি মোটর চালালেও পানি আসে না।
সেন্ট্রাল রোড এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ওয়াসার পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে ঠিক উল্টোটা। অর্থাৎ দিনে পানি থাকবে, রাতে থাকবে না। কিন্তু দিনের বেশির ভাগ সময়ই পানি থাকে না।
লালমাটিয়ায় ওয়াসার আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়, পালা করে পানি দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু বিভিন্ন গলির পান্থ সীমার বাড়িগুলোতে পানি যেতে দেরি হয়। এ ছাড়া নতুন পাম্প বসানোর জন্য উপযুক্ত জায়গাও পাওয়া যাচ্ছে না।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী এ কে এম শহীদ উদ্দিন বলেন, ‘পান্থকুঞ্জে ওয়াসার পাম্পের উত্তোলন ক্ষমতা বাড়ানোর চেষ্টা হচ্ছে। সেখানে আরও একটি গভীর নলকূপ বসানো হবে। সেন্ট্রাল রোডে পাম্পেরও প্রয়োজনীয় কাজ করা হবে। আশা করি ১০-১২ দিনের মধ্যে সমস্যা কমে আসবে।’