হাতিরপুলে গ্যাস পাইপলাইনের আগুন নিভেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরপুল এলাকার ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠালবাগান ঢাল এলাকায় গ্যাসের পাইপলাইনের আগুন নিভেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পৌনে চারটার দিকে আগুন লাগে। বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে আগুন নিভিয়েছেন স্থানীয় লোকজন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার ম্যানহোলের ঢাকনার নিচে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। ঢাকনা খুলে গ্যাস লাইনে আগুন লাগার বিষয়টি দেখা যায়। বিষয়টি থানায় জানানো হয়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাশ মালো বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নেভানো যন্ত্র ব্যবহার করে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। গ্যাসের পাইপ ফুটো হয়ে আগুন লাগে। গ্যাসের পাইপ থেকে এখনো গ্যাস বের হচ্ছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।