হাতিরপুলে পোশাকশ্রমিকদের অবরোধ
ঘোষণা দেওয়ার পরও বেতন-বোনাস না দেওয়ায় টিএস ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা রাজধানীর হাতিরপুলে এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এ সময় পুলিশের ধাওয়ায় ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ রোববার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
টিএস ফ্যাশনের শ্রমিকেরা প্রথম আলো ডটকমকে জানান, কারখানা কর্তৃপক্ষ আজ বিকেলে চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁদের জানানো হয়, বেতন-বোনাসের ৪০ লাখ টাকা রাজধানীর পরীবাগে ছিনতাই হয়ে গেছে।
এ খবর শোনার পরপরই পোশাক কারখানার শতাধিক শ্রমিক রাস্তায় নেমে হাতিরপুল মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা পরীবাগে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বেতন-বোনাসের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। টিএস ফ্যাশনের ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ব্যাপারে পুলিশ নিশ্চিত নয় বলে তিনি জানান।
খবর জানতে টিএস ফ্যাশনে ঢুকতে চাইলে গণমাধ্যমের কর্মীদের বাধা দেন কারখানার নিরাপত্তাকর্মীরা। তাঁরা জানান, এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।