হাতিরপুলে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর হাতিরপুলে গতকাল সোমবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরপুল কাঁচা বাজারের বিপরীত দিকে মেহের টাওয়ার নামের একটি ভবনে রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। তখন ওই ভবনে থাকা লোকজন আতঙ্কে নিচে নেমে আসেন। আশপাশের লোকজনও ভবনটির সামনে জড়ো হন। এ সময় ওই সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপপরিচালক মোজাম্মেল হক বলেন, পলাশী স্টেশন ও সদর দপ্তরের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। ১৫ তলা ভবনটির অষ্টম তলার একটি কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
মোজাম্মেল হক আরও বলেন, আগুনের ধোঁয়া ও নেভানোর সময় পানিতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হননি। ভবনটির চতুর্থ তলা পর্যন্ত বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় এবং পঞ্চম তলা থেকে দশম তলা পর্যন্ত ব্যবসায়িক কার্যালয়ের পাশাপাশি আবাসনব্যবস্থাও রয়েছে বলে তিনি জানান।