হাতিরপুলের ফুটপাত থেকে কাঁচাবাজার সরেনি
হাতিরপুল কাঁচাবাজারের পূর্ব দিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সামনের সড়কে দক্ষিণ পাশে ফুটপাতের ওপর নিয়মিতই বসছে জমজমাট কাঁচাবাজার।
বিষয়টি নিয়ে গত ২৪ জুন প্রথম আলোয় ‘হাতিরপুলে ফুটপাত দখল করে কাঁচাবাজার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। সে সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাজারটি তুলে দেওয়ার কথা জানান। তারপরও অবৈধ বাজারটি বহাল আছে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খান প্রথম আলোকে বলেন, ‘২১ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডের কিছু লোক হাতিরপুল কাঁচাবাজার কমিটির নেতাদের ব্যবহার করে ফুটপাতের এ বাজারটি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বাজার কমিটি ও বাজার নিয়ন্ত্রণকারীদের সঙ্গে আমি বহুবার কথা বলেছি। কাজ হয় না। বিষয়টা আমি মেয়রকে জানিয়েছি, এখন দেখি কী হয়।’
গতকাল মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায়, ফুটপাতের ওপরে সারি ধরে ঝুড়িভর্তি সবজি সাজানো। বিক্রেতাদের দখলে ফুটপাত। কিছু দোকান বন্ধ, কিছু খোলা। লোকজন কেনাকাটা করছে। হাঁটাচলার জায়গা নেই। সড়কে তেমন ভিড় না থাকায় লোকজন রাস্তায় নেমে যানবাহনের মধ্য দিয়ে চলাচল করছে।
হাতিরপুল মোড় থেকে শুরু করে ডিপিডিসির ফটক পর্যন্ত ছড়িয়ে আছে এ বাজার। আছে প্রায় ২০টি ছোট-বড় স্থায়ী ও অস্থায়ী দোকান। কখনো কখনো ফেরিওয়ালারাও বসে। বিক্রি হয় নানা রকম ফল ও সবজি। মাঝেমধ্যে মাছও বিক্রি হয়।
কারওয়ান বাজার থেকে সবজি এনে এ বাজারে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীরা। জানা গেছে, বাজারের বয়স প্রায় তিন-চার বছর। এখানে দোকান বসাতে ঝুড়ির হিসাবে এক থেকে পাঁচ শ টাকা পর্যন্ত লাগে। বাজার শুরু হয় সকাল ৮টায়, চলে রাত ১০টা পর্যন্ত।
ঈদের পরে সড়ক কিছুটা ফাঁকা থাকলেও সাধারণ সময়ে এ সড়কে যানবাহনের প্রচুর চাপ থাকে। হাতিরপুল ট্রাফিক সংকেত মোড় থেকে চার সড়কে রিকশাভ্যান ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে। হেঁটে চলা লোকজনের চাপও বেশি। ফুটপাত সবজি বিক্রেতাদের দখলে থাকায় পথচারীরা বাধ্য হয়ে রাস্তা দিয়েই যাতায়াত করেন।
পথচারী শাহানা ইসলাম বলেন, ‘ফুটপাতে বাজার, তার ওপর ফুটপাতটাও ছোট। তাই রাস্তা দিয়ে যাচ্ছি। অনেক দিন ধরে দেখছি, প্রতিদিনই বাজার বসে।’
মোতালিব প্লাজার দক্ষিণ-পূর্ব দিকে ডিপিডিসির সামনের এই সড়কটি হাতিরপুল মোড় ও পরীবাগ সড়কের সংযোগ সড়ক। কম সময়ে শাহবাগ যাওয়ার জন্য অনেকেই বিকল্প হিসেবে রাস্তাটি ব্যবহার করেন।
হাতিরপুল কাঁচাবাজারসহ এ সড়কটি ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিষয়টি নিয়ে কাউন্সিলর এম এ হামিদ খান বলেন, ‘এখন ডিএসসিসি মেয়র দেশের বাইরে আছেন। তিনি ফিরে এলে তার সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’