হাতিশাবকের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার গভীর বন থেকে একটি হাতিশাবকের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে উপজেলার বন বিভাগের বালিজুরি রেঞ্জের আওতায় কর্ণঝোরা বিটের আগুপাড়া এলাকার গভীর বনের গর্তে মৃতদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে বন বিভাগের কর্ণঝোরা বিট কর্মকর্তা আমিনুল ইসলাম ও আইইউসিএনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম আবদুর রউফ হাতিটির ময়নাতদন্ত করেন। পরে বন বিভাগ ও আইইউসিএনের কর্মকর্তাদের উপস্থিতিতে মৃতদেহটি মাটিচাপা দেওয়া হয়।
আইইউসিএনের এলাকা কর্মকর্তা মো. মিজানুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, শাবকটির বয়স এক বছর থেকে দেড় বছর। তার শরীরের সামনের ডান পায়ের ওপরের অংশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।