হাতিয়া আ.লীগের দুপক্ষে পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরে গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হাতিয়া পৌরসভা ভবনে হামলা-ভাঙচুর ও সদ্যনির্বাচিত মেয়রকে মারধরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় মেয়র এ কে এম ইউছুফ আলীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে হাতিয়া উপজেলা সদরের এমপির পোল থেকে সরকারি বালিকা বিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় গতকাল রাত আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।হামলায় আহত সাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: মেয়র ইউছুফ আলী, মো. সোহেল, মো. রাসেল, মো. হাসান, রাকিবুল হাসান, মনির আহমদ ও মো. নহেন। তাঁদের মধ্যে মেয়র ছাড়া বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মেয়র প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপত্তাহীনতার কারণে থানায় অবস্থান করছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনের লোকজন আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ মোহাম্মদ আলীর সমর্থক মো. সোহেলকে (২৩) মারধর করে। এই ঘটনার জের ধরে বেলা আড়াইটার দিকে মোহাম্মদ আলীর সমর্থকেরাও মহিউদ্দিনের সমর্থক রাসেলকে বেদম মারধর করে।দুই দফায় পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় উপজেলা সদরে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের সমর্থকেরা পাল্টাপাল্টি মিছিল করে। এরপর সন্ধ্যা সাতটার দিকে মহিউদ্দিনের সমর্থকেরা উপজেলা পরিষদ ভবনের পেছনে পৌরভবনে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা এ সময় মেয়রকে মারধর করার একপর্যায়ে তিনি থানায় গিয়ে আশ্রয় নেন।মেয়র ইউছুফ আলী তাঁর ওপর হামলা ও ভবনে ভাঙচুর চালানোর বিষয়টি নিশ্চিত করে রাত আটটায় প্রথম আলোকে জানান, প্রতিপক্ষ মহিউদ্দিনের লোকেরা বিনা উসকানিতে প্রথমে তাঁর সমর্থককে এবং পরে তাঁর ওপরও হামলা চালায়। তিনি অভিযোগ করেন, গত পৌর নির্বাচনে সাবেক সাংসদ মো. আলীর অনুসারী হিসেবে প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে মহিউদ্দিনের ভাই আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সায়েফ উদ্দিনের সমর্থকেরা ধারাবাহিকভাবে তাঁর লোকদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নিচ্ছে না।অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন দাবি করেন, তাঁর লোকেরা কারও ওপর কিংবা পৌরভবনে হামলা করেনি। বরং সাবেক সাংসদ মো. আলী ও পৌর মেয়র ইউছুফ আলীর সমর্থকেরা দুপুরে তাঁদের রাসেল নামের এক কর্মীকে মারধর করে। এ নিয়ে উপজেলা সদরে কিছুটা উত্তেজনা চললেও তিনি দাসেরহাট এলাকায় একটি সভায় থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস চন্দ্র পাল রাত সাড়ে আটটায় প্রথম আলোকে জানান, স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের হিসেবেই এ ঘটনার সূত্রপাত। মেয়র থানা হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা থাকায় রাত আটটায় ইউএনও হারুনুর রশীদ ১৪৪ ধারা জারি করেন।