হাতিয়া আদালত ও আইনজীবী সমিতির শত বর্ষপূর্তি আজ
হাতিয়ার দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং স্থানীয় আইনজীবী সমিতির শত বর্ষপূর্তি উদ্যাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শতবর্ষ উদ্যাপনে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে নোয়াখালীর জেলা ও দায়রা জজ আশরাফ হোসেন উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা জজ আতাবুল্লা, মুখ্য বিচারিক হাকিম মুজিবুর রহমান, সদর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ এস এম জিল্লুর রহমান, সহকারী জজ আবদুল হান্নান ও মেহের নিগার, চাটখিল আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ সৈয়দ তোফাজ্জল হোসাইন, হাতিয়া আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ আলমগীর ফারুকী ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমান মজুমদার। এ ছাড়াও হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, অধ্যক্ষ এনামুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেবেন। বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু, টপটেন-খ্যাত তারকা স্ট্যালিন ও রোকসার এবং তাঁদের সঙ্গীরা গান পরিবেশন করবেন। পরে জাদুশিল্পী বাবুল সরকার জাদু দেখাবেন।