হাতিয়া গণহত্যা দিবস পালিত
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে হাতিয়া বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন।
১৯৭১ সালের এই দিনে ভোরে পাকিস্তানি বাহিনীর মর্টার শেল আর বন্দুকের অবিরাম গুলিবর্ষণে প্রকম্পিত হয়ে ওঠে উপজেলার দাগারকুটিসহ আশপাশের গ্রামগুলো। ঘুম থেকে হঠাৎ জেগে গ্রামবাসী কিছু বুঝে ওঠার আগেই হানাদার বাহিনী এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় বাড়িঘরে আগুন ধরিয়ে লুটপাট শুরু করে। উদ্ভ্রান্ত মানুষ ঝোপজঙ্গলে পালিয়ে সংলগ্ন ব্রহ্মপূত্র নদে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করে। এসব মানুষকে খুঁজে বের করে হাত-পা বেঁধে এক দিনে ৬৯৭ জন হত্যা করা হয়। আগুনে পুড়ে ছাই হয় হাতিয়া ইউনিয়নের অনন্তপুর, দাগারকুটি, হাতিয়া বকসি, রামখানা ও নয়াদাড়া গ্রামের শত শত ঘরবাড়ি।