হাতিয়া-চেয়ারম্যানঘাট রুটে ছয় দিন ধরে সি-ট্রাক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যানঘাট-নলচিরা ও চেয়ারম্যানঘাট-চরচেঙ্গা রুটে সি-ট্রাক চলাচল ছয় দিন ধরে বন্ধ রয়েছে। গত রোববার নলচিরাঘাটে সি-ট্রাকডুবির ঘটনার পর থেকে এ অচলাবস্থা চলছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে এই দুটি রুটের ট্রলারগুলোও খুব একটা চলাচল করতে পারছে না। এতে ছয় দিন ধরে জেলা শহরের সঙ্গে হাতিয়ার নৌ-যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। ফলে নদী পারাপারের জন্য হাতিয়াগামী ও জেলা শহর অভিমুখী যাত্রীরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন। জানতে চাইলে সি-ট্রাক বন্ধ রাখার কথা নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান। মুঠোফোনে গতকাল শুক্রবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, গত রোববারের দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউএনও আরও জানান, ‘নদীতে এখনো ঝোড়ো বাতাস বইছে, তাই আবহাওয়া অধিদপ্তর নদীতে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রেখেছে। সি-ট্রাকের চলাচল নিয়ন্ত্রণকারী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারাও হাতিয়ায় অবস্থান করছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে আবহাওয়া অনুকূল মনে হলে সি-ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হবে।’সি-ট্রাক মাস্টার আবু তাহের সাংবাদিকদের বলেন, নদীতে ৩ নম্বর সংকেত চলছে।