হাতিয়া রহমানিয়া মাদ্রাসার শতবর্ষ পূর্তি উদ্যাপিত
নোয়াখালীর হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী-২০১২-এর দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল শনিবার শেষ হয়েছে। গত শুক্রবার এ কর্মসূচি শুরু হয়।গতকালের বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল আজিম। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী শিল্পপতি আবদুল মান্নান।মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিনের স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ মাওলানা সায়েদ কামাল উদ্দিন জাফেরী। এ ছাড়া আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেরাজুল মাওলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিষয়ের অধ্যাপক আবদুল কাদের, সাবেক সচিব এ টি এম আতাউর রহমান, বাংলাদেশ আয়কর কমিশনের সাবেক চিফ কমিশনার আবু শাহরিয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। আবদুল মান্নান মাদ্রাসার উন্নয়নে দুই লাখ টাকা অনুদান দেন।অনুষ্ঠান শেষে মাদ্রাসার ১১ জন কৃতী ছাত্রছাত্রীসহ ২০ জনকে সম্মাননা দেওয়া হয়। বিকেলে মাদ্রাসার ছাত্রছাত্রীরা নানা ইসলামি সংগীত পরিবেশন করে।