হাতিয়া হাইস্কুলের শতবর্ষ পূর্তি উৎসব শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট হাইস্কুলের শতবর্ষ পূর্তি উৎসবে যোগ দিতে প্রাক্তন শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার হাতিয়া শহরে এসে পৌঁছেছেন। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই নিজ যোগ্যতায় দেশের বরেণ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁদের উপস্থিতিতে গুণী মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে হাতিয়া। ‘গৌরবের শতবর্ষ’—এ স্লোগানে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হবে আজ।উৎসবে যোগ দিতে হাতিয়ায় এসেছেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ডিন মফিজ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হায়াত হোসেন, সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য আনোয়ারুল হক, সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রধান জাহেদুল আলম, ইউরোপীয় ইউনিয়নের এনজিওবিষয়ক কর্মকর্তা নুরুল কাদের, স্বাস্থ্য বিভাগের পরিচালক মফিজুল আলম ও মতি উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের কনসালট্যান্ট ফরিদা আকতার প্রমুখ।স্কুলজীবনের স্মৃতিচারণা করে মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হাতিয়া দ্বীপের মতো প্রত্যন্ত অঞ্চলের ছাত্র হয়েও আমি বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। এই স্কুলের অনেক ছাত্রছাত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। হাতিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অতীতকে অনুসরণ করে এগিয়ে গেলে বর্তমানেও শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে অগ্রগতি ও সুনাম অর্জন করতে পারবে।’হায়াত হোসেন বলেন, হাতিয়া হাইস্কুল থেকে কীভাবে শত শত মেধাবী শিক্ষার্থী জন্ম নিয়েছে, তা নিয়ে গবেষণা হওয়া দরকার।অনুষ্ঠানে যোগ দিতে আসা গুণী ব্যক্তিত্বরা বলেছেন, হাতিয়ার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করা দরকার। এ জন্য শিক্ষা, কৃষ্টি ও সংস্কৃতিতে হাতিয়াকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে যেকোনো উদ্যোগে তাঁরা সহযোগিতা দিতে প্রস্তুত আছেন বলে জানান।দুই দিনের উৎসবের উদ্বোধন করবেন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন।