হাতিয়াবান্ধা ও গাবতলীতে বইয়ের জন্য টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতিয়াবান্ধার একটি প্রাথমিক ও একটি উচ্চবিদ্যালয় এবং বগুড়ার গাবতলী উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে বিনা মূল্যের বই বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোডেরহাট উচ্চবিদ্যালয়ের ৫০২ জন শিক্ষার্থীকে টাকার বিনিময়ে বিনামূল্যের বই দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাতিয়াবান্ধা উপজেলার কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০২ জন শিক্ষার্থীর কাছ থেকে বিনামূল্যের বইয়ের জন্য ২০ থেকে ২৫ টাকা করে নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাশেদুল বলে, ‘আমি স্কুলের আপাদের নতুন বই নেওয়ার সময় ২৫ টাকা দিয়েছি।’ ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মোতালেবসহ আরও অনেকে জানায়, তারাও নতুন বই নেওয়ার দিন আপাদের ২৫ টাকা করে দিয়েছে। প্রধান শিক্ষক দিলরুবা জাহান বলেন, ‘নতুন বই দেওয়ার দিন মিলাদ, পূজা ও খেলাধুলার জন্য ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শ্রেণীভেদে ২০ থেকে ২৫ টাকা করে নেওয়া হয়েছে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজির আহমেদ বলেন, বিনামূল্যের বই বিতরণের সময় বিভিন্ন অজুহাতে অর্থ গ্রহণ বৈধ নয়, কেউ নিয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বোডেরহাট উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ৩৪০ জন শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের জন্য ১২৫ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সপ্তম শ্রেণীর ছাত্রী মিনার বাবা জাবেদ আলী অভিযোগ করে বলেন, ‘আমি ১০০ টাকা দিয়ে নতুন বই সংগ্রহ করেছি।’ একইভাবে ৬ষ্ঠ শ্রেণীর জরিফা খাতুনের বাবা জহুরুল হক ১২৫ টাকা, একই শ্রেণীর ছাত্র রানার বাবা শুকুর আলী ১০৫ টাকা দিয়ে নতুন বই সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন। প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, নতুন বই দেওয়ার জন্য নয়, স্কুলের সেশন ফি ও ভর্তি ফি হিসেবে ওই টাকা নেওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ বলেন, টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে দেখা হবে। গত ২ জানুয়ারি থেকে এই উপজেলায় বই বিতরণ কার্যক্রম শুরু হয়।গত ২৯ ডিসেম্বর বগুড়ার গাবতলী উপজেলার জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান উপজেলা সদর থেকে বই নিয়ে যান। ওই দিন তিনি বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর কাছ থেকে বিনা মূল্যের বইয়ের জন্য ৫০ টাকা করে নেন। বই বিতরণের দায়িত্বে থাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি তারাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান জানান, তাঁরা অভিযোগ জানার পর ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা খুঁজে পেয়েছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে এখনো প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়নি। প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সরকারি বই টাকার বিনিময়ে বিতরণের বিষয় অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি নেওয়া হয়েছে।’