হাতিয়াবাসীর অনেক দুঃখ
হাতিয়াবাসীর হূদয়ের কপাটে একটু টোকা দিতেই দুঃখের কথা চাপা থাকে না। সবার মনে একটাই দুঃখ—তাদের কিছুই স্থায়ী নয়। মেঘনা এখানেই সমুদ্রে মিলেছে, মোহনায় সে সর্বনাশা, পদ্মার মতোই কীর্তিনাশা। পর্তুগিজ, ব্রিটিশ—কোনো সৌধই দেখাতে পারে না কেউ। সবই গেছে নদীর ভাঙনে। কোনো স্থাপনা দেখিয়ে হাতিয়াবাসী বলতে পারে না, ‘এটা আমাদের ঐতিহাসিক নিদর্শন।’ স্কুল, মসজিদ, মন্দির সবই কালের গর্ভে হারিয়ে গেছে।এখানে স্মৃতিই সম্বল মানুষের। হাতিয়া মডেল হাইস্কুলের শতবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে দেশের আর বিশ্বের নানা জায়গা থেকে ছুটে এসেছেন যাঁরা, সবাই স্মৃতিকাতর। সমৃদ্ধ অতীত নিয়ে গর্বিত তাঁরা সবাই। কানাডা প্রবাসী অধ্যাপক আশরাফুল ইসলাম এক দশক পরে স্কুলের টানে এসেছেন। স্কুলের সূত্রে বাবার স্মৃতিচারণা করলেন। বাবা আবদুল মোতালেব জাতশিক্ষক, চার দশকের কিংবদন্তি প্রধান শিক্ষক হাতিয়া হাইস্কুলের। তিনি বললেন, ষাটের দশক পর্যন্ত ১০-১২ জন ছাত্র প্রতিবছর ঢাকা যেত উচ্চশিক্ষার্থে, আর কেউ যেত চট্টগ্রামে, কেউবা নোয়াখালীতে। ওয়াপদার অবসরপ্রাপ্ত সদস্য প্রকৌশলী নুরুল আলম জানালেন, সত্তরের দশকের মাঝামাঝি থেকে ভাঙনের শুরু। সেই থেকে একটু সম্পন্ন-শিক্ষিত মানুষেরা এলাকা ছাড়ছে। সেই ধারা এখনো অব্যাহত। হাতিয়ার আশপাশে নতুন নতুন চর জেগে উঠছে। কোনোটায় বনায়ন চলছে, কোনোটায় বসতি শুরু হয়েছে। মূলত ভূমিহীনেরাই ভাগ্যান্বেষণে আসছে এসব নতুন জেগে ওঠা চরে। কিন্তু মালিকানার জটিলতায় তারা দুর্ভোগে আছে।২৮৬ বর্গমাইল আয়তনের হাতিয়ার জনসংখ্যা প্রায় ছয় লাখ। আগে থেকেই জোতদার, চাষি আর জেলেতে বিভক্ত ছিল সমাজ। জোতদারদের কেউ কেউ ওকালতি ও শিক্ষকতা করতেন। এখন এসব অভিজাত পরিবারের প্রায় সবাই হাতিয়া ছেড়েছেন। হাতিয়ার উদ্বৃত্ত শস্য আর মাছ চলে যায় মূলত ঢাকার বাজারে। শ্রমজীবী মানুষের অর্ধেকই মৌসুমি অভিবাসী—চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকায় ছোটে উপার্জন বাড়াতে। মেধা ও সম্পদের এই বহির্মুখী প্রবণতার স্বাভাবিক পরিণতিতেই সমাজজীবন তার জৌলুস হারিয়ে ফেলেছে। পদার্থবিদ নাজিব পার্থ একসময় দেশের প্রথম ব্যান্ড দল জিঙ্গা গ্রুপের গায়ক ছিলেন। বললেন, তাঁর বাবা-দাদারা সেই ব্রিটিশ আমলে সেতার বাজাতেন। লক্ষৌ থেকে শিখে এসেছিলেন। বাঁশি, বেহালা, গান-বাজনায় সেকালে হাতিয়ার জীবন ছিল আনন্দময়, উৎসবমুখর। অধ্যাপক হায়াত হোসেন জানালেন, সেই চল্লিশের দশকে তাঁর বাবা বড় মেয়েকে ভর্তি করে দিয়েছিলেন কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়েও মেয়ের শিক্ষার ব্যবস্থা করতে চেয়েছিলেন শিক্ষানুরাগী আইনজীবী বাবা। এখন হাতিয়ায় স্কুল পর্যাপ্ত—হাইস্কুল ২৩টি, কলেজ চারটি। কিন্তু তা হলে কী হবে। দেশের সার্বিক চিত্রের বাইরে নয় হাতিয়ার শিক্ষার হালচাল; বরং সুযোগ ও সম্ভাবনার অনিশ্চয়তায় ভালোরা কেউ থাকছে না।‘এখন হাতিয়ায় কোনো সিনেমা হল নেই, মিলনায়তন নেই, নাটকের সক্রিয় দল নেই। সাংস্কৃতিক সংগঠনও নেই বললেই চলে। এমনকি কোনো সংগীতশিক্ষকও নেই এ দ্বীপে।’ জানালেন সংস্কৃতিকর্মী শাহরাজ। লায়ন ক্লাবের মতো সেবামূলক সংগঠনের অস্তিত্বও নেই। নানা জায়গা থেকে এসে বহু বছর পরে মিলিত হয়েছেন যেসব বয়স্ক হাতিয়াবাসী, তাঁদের মতোই হাতিয়ার এখনকার প্রবীণ-নবীন সবাই কয়েকটি বিষয়ে একমত। মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক বললেন, ‘এখনো শিক্ষার হারে এ জেলায় হাতিয়া সবার চেয়ে এগিয়ে।’ জেলার প্রসঙ্গ উঠতেই আড্ডার সবাই একবাক্যে বললেন, হাতিয়া আর নোয়াখালীতে ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্য ব্যাপক। দু-একজন বললেন এবং বাকিরা জোরের সঙ্গে সমর্থন দিলেন, হাতিয়ার সাংস্কৃতিক অগ্রবর্তিতা বহুকালের। বেশ একটা বিপ্লবী মত দিলেন একজন, হাতিয়াকে ভোলার মতো পৃথক জেলা না করলে এর উন্নতি হবে না।