হাতিয়ার অদূরে পণ্যবোঝাই লাইটার জাহাজডুবি ১৩ নাবিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপকূলের কাছাকাছি একটি লাইটার জাহাজের ধাক্কায় আরেকটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে গত শনিবার ক্লিংকার বোঝাই করে এমভি টিটু-১২ নামের একটি লাইটার জাহাজ। রাত তিনটার দিকে জাহাজটি কর্ণফুলী নদী থেকে মুন্সিগঞ্জের দিকে যাওয়ার পথে সকাল পৌনে নয়টার দিকে হাতিয়ার ১ নম্বর বয়ার কাছে এমভি সুহী-৩ নামের আরেকটি লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটিতে আবুল খায়ের গ্রুপের শাহ্ সিমেন্ট কারখানার কাঁচামাল ক্লিংকার বোঝাই করা ছিল।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক মোহাম্মদ আক্কাছ আলী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে আনুমানিক ৭৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। এ সময় চালক প্রায় এক নটিক্যাল মাইল উত্তর-পূর্ব দিকে মূল নৌপথের বাইরে নিয়ে যায় জাহাজটি। এ কারণে এই নৌপথে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত হচ্ছে না। জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ আবুল খায়ের গ্রুপের কাছে চিঠি দেওয়া হবে। জাহাজটিতে এক হাজার টনের বেশি ক্লিংকার ছিল।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, দুর্ঘটনার পর নাবিকদের উদ্ধারে চট্টগ্রাম থেকে এমভি টিটু-৪ ও এমভি টিটু-১৩ নামের দুটি খালি জাহাজ পাঠানো হয়।