হাতিয়ার অপহৃত জেলেরা ছাড়া পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের মেঘনা ও বঙ্গোপসাগর এলাকা থেকে অপহৃত ১৬ জেলে দুই দিনেও ছাড়া পাননি।
নাম প্রকাশ না করার শর্তে হাতিয়ার এক ট্রলার মালিক গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, জলদস্যু কাউয়া কামাল বাহিনী গত রোববার বিকেলে দুটি ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণের পর প্রথমে জনপ্রতি দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। পরে গতকাল সকালে জনপ্রতি এক লাখ করে দাবি করে। তিনি জানান, জেলেদের মহাজনদের সঙ্গে দস্যুদের মুঠোফোনে মুক্তিপণের টাকা নিয়ে দর-কষাকষি হয়। পরে দুপুরের পর সিদ্ধান্ত হয় জনপ্রতি ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রাথমিকভাবে মুক্তিপণ হিসেবে দস্যুদের দুই লাখ টাকাও দেওয়া হয়। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত দস্যুরা জেলেদের মুক্তি দেয়নি।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কর্মকর্তা আমজাদ হোসেন জানান, তাঁরা গতকাল মেঘনার দমারচর ও সন্দ্বীপের কাছাকাছি এলাকায় অপহৃত জেলেদের সন্ধানে অভিযান পরিচালনা করেন। কিন্তু অবস্থান নিশ্চিত না হওয়ায় যথাযথভাবে অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তিনি জানান, মহাজনদের কাছে দস্যুরা গতকাল এক লাখ টাকা করে মুক্তিপণ চেয়েছে বলে তিনি শুনেছেন। দস্যুদের মুঠোফোন নম্বরের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।