হাতিয়ার আ.লীগ নেতা কুমিল্লায় অপহূত!
নোয়াখালীর হাতিয়ার আওয়ামী লীগ নেতা আবুল কাশেম অপহূত হয়েছেন। বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে গত রোববার গভীর রাতে কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাঁকে অপহরণ করে। গতকাল বুধবার পর্যন্ত কাশেমের খোঁজ মেলেনি। অপহূতের স্ত্রী বকুল আক্তার ও সফরসঙ্গী দীন মোহাম্মদ গতকাল প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। অপহূত আবুল কাশেম হাতিয়ার চানন্দী ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন চৌধুরী গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত শনিবার তিনি ও চানন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দীন মোহাম্মদ গণভবনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতার সঙ্গে শেখ হাসিনার ডাকা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে তাঁরা শনিবার বিকেলে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দেন। অপহূত আবুল কাশেমের স্ত্রী বকুল আক্তার গতকাল প্রথম আলোকে জানান, তাঁর স্বামী বাড়ি থেকে শুক্রবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন। দীন মোহাম্মদ গতকাল প্রথম আলোকে জানান, ইজতেমা শেষে রোববার সন্ধ্যায় তাঁরা টঙ্গী থেকে নোয়াখালীগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় বিশ্ব ইজতেমায় আসা আবুল কাশেমের বাবা আবদুল মোতালেবও তাঁদের সঙ্গে ছিলেন। রাত দেড়টায় বাসটি কুমিল্লা কোতোয়ালি থানার জাগরজুলী এলাকায় থামানো হয়। তাঁরা স্থানীয় ‘হোটেল জুন’-এ খেতে বসেন। এ সময় একজনের ফোন পেয়ে কাশেম হোটেল থেকে বের হন। হোটেলের সামনে থেকে দুজন লোক কাশেমের দুই হাত ও দুজন তাঁর দুই পা ধরে একটি মাইক্রোবাসে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে দীন মোহাম্মদসহ বিভিন্ন বাসের শতাধিক যাত্রী ছিল। অপহরণকারীরা আশপাশের বাসযাত্রীদের কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ ও আবদুল মোতালেব জানান, অপহরণে ব্যবহূত সাদা মাইক্রোবাসটির পেছনে কোনো নম্বর ছিল না। হোটেলটির মালিক বশির মঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পরদিন সকালে আমি অপহরণের ঘটনা শুনেছি।’ মুঠোফোনে আলাপকালে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, হোটেল জুনের সামনে থেকে রোববার কারও অপহরণের ঘটনা তাঁর জানা নেই। এ ব্যাপারে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, রোববার ডিবি পুলিশ কাউকে আটক করেনি। তিনি ঘটনাটির খোঁজ নেবেন।