হাতিয়ার চর কালামে জলদস্যু ঘাঁটিতে পুলিশের অভিযান
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর কালামে জটিকা অভিযানে জলদস্যু কালাম চৌধুরীর আস্তানা পুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে গতকাল রোববারের এ অভিযানে কাউকে আটক কিংবা কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চর কালামে জলদস্যু নিজামউদ্দিন ওরফে নিজাম ডাকাত ও মো. কালাম ওরফে কালাইম্মা চোরার বাহিনীর মধ্যে প্রচণ্ড গুলিবিনিময় হয়। এতে দুই পক্ষেই হতাহত হয় বলে খবর পাওয়া যায়। এতে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশ অভিযান চালায়।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, চরে অভিযান চালিয়ে দস্যুদের আস্তানা হিসেবে ব্যবহূত তিনটি তাঁবু পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে তাঁবুগুলোতে কোনো অস্ত্র পায়নি পুলিশ। এ সময় মাছ ধরার বেশ কিছু জাল উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর কালামের কালাইম্মা চোরার বাহিনী নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজারে গত শুক্রবার প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চরের আরেক জলদস্যু নিজাম রাত তিনটার দিকে দলবল নিয়ে কালাইম্মা চোরার ঘাঁটিতে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। একপর্যায়ে কালাইম্মা চোরার বাহিনী পিছু হটলে চরের দখল নেয় নিজাম ডাকাতের বাহিনী। ওসি মোক্তার জানান, নিজাম ডাকাত চরের দখল নিলেও পুলিশি অভিযানের আশঙ্কায় তারা শনিবার রাতেই চর থেকে সরে যায়।নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, গুলিবিনিময়ের ঘটনায় গত দুই দিন বেশির ভাগ জেলেই ভয়ে নদীতে নামেননি। তবে পুলিশের অভিযানে জেলেদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।