নোয়াখালীর হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের চরাঞ্চল থেকে গত বোববার রাতে চার ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে চরাঞ্চলের ২ নম্বর চানন্দী ইউনিয়নের বাতানখালী ও দরবেশবাজার পুলিশ ফাঁড়ি দুটি গতকাল সকালে প্রত্যাহার করা হয়।এলাকাবাসীর অভিযোগ, ক্যারিং চরের হাসিনাবাজার এলাকা থেকে সিরাজ (৪০), কোল্ডস্টোরবাজার এলাকা থেকে সোহেল (২৮) ও ইউসুফ মাঝি (৩০) ও সাহেবানী বাজার এলাকা থেকে মানিক (২৭) নামের চার ব্যক্তিকে অপহরণ করেছে মুন্সিয়া বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা মুঠোফোনে প্রথম আলোকে জানান, দর্বৃত্তরা ওই চারজনকে অপহরণ করে জাহাজার চরের আস্তানায় নিয়ে গেছে।চার ব্যক্তির অপহরণের ব্যাপারে হাতিয়ার সাংবাদিকেরা গতকাল দুপুরে চেষ্টা করেও জেলা এবং উপজেলা পুলিশ কর্মকর্তাদের বক্তব্য জানতে পারেননি।তবে পুলিশ ফাঁড়ি প্রত্যাহারের কথা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।