হাতিয়ার চরাঞ্চলে সন্ত্রাসী ও পুলিশের গুলিবিনিময়
নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের চরাঞ্চলের নিয়ন্ত্রণে থাকা সন্ত্রাসীদের জাহাজ্যার চরের প্রধান আস্তানা পুড়িয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার দিনভর অভিযান চলাকালে সন্ত্রাসী নিজাম বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শতাধিক গুলিবিনিময় হয়েছে।চরাঞ্চলগুলোর একাধিক বাসিন্দা গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, তাঁরা বুধবার দিনভর জাহাজ্যার চরে ১১১টি গুলির শব্দ শুনেছেন। তাঁরা জানতে পেরেছে, পুলিশ সন্ত্রাসীদের জাহাজ্যার চরের আস্তানা পুড়িয়ে দিয়েছে। পুলিশের তাড়া খেয়ে সন্ত্রাসী নিজাম বাহিনী জাহাজ্যার চর থেকে মুজিবচরের দিকে চলে গেছে।গতকাল রাত সাড়ে আটটায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, পুলিশ সন্ত্রাসীদের জাহাজ্যার চরের আস্তানা পুড়িয়ে দিয়েছে। অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো ফিরে না আসায় অভিযানে কেউ গ্রেপ্তার হয়েছে বা কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) আবদুল কাইয়ুম গতকাল রাত নয়টায় প্রথম আলোকে বলেন, কোস্টগার্ড সদস্যরা বুধবার ভোররাত থেকে চানন্দী ইউনিয়নসংলগ্ন মেঘনায় অবস্থান করে পুলিশের অভিযানে সহযোগিতা করেছেন।