হাতিয়ার চরে দস্যুদের ধরতে পুলিশ-র‌্যাবের যৌথ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরাঞ্চলের বনদস্যুদের ধরতে গতকাল সোমবার থেকে পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি গত সপ্তাহের সহিংস ঘটনার তদন্তে নেমেছে সরকারি বিভিন্ন সংস্থার কয়েকটি দল।পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারি প্রথম আলোকে বলেন, পুলিশ ও র‌্যাব-১১-এর দুই শতাধিক সদস্যের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, দস্যুদের দমন এবং চরাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত তাঁদের অভিযান চলবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, চরাঞ্চলের দস্যুদের ধরতে গতকাল সকাল ১০টায় হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর থেকে অভিযান শুরু হয়। র‌্যাব ও পুলিশের সদস্যরা দিনভর এই চর ছাড়াও দরবেশ বাজার, ভূমিহীন বাজার, জনতা বাজার, চরবাশারের বিভিন্ন এলাকায় অভিযান চালান। কিন্তু বিকেল পর্যন্ত কোনো দস্যুকে গ্রেপ্তার কিংবা কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, গত বৃহস্পতিবার জনতা বাজার এলাকায় নাসির বাহিনীর হাতে ইব্রাহিম সর্দারসহ সাতজন নিহত হয়েছেন—এ অভিযোগে গত শনিবার ইব্রাহিমের ছেলের করা মামলার পরিপ্রেক্ষিতে সোমবার তিনি এজাহারে উল্লিখিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।অভিযানে অংশ নেওয়া র‌্যাব-১১-এর মেজর আবদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দিনভর তিনি বিভিন্ন চরের প্রায় ২০০ বাসিন্দার সঙ্গে কথা বলেছেন। তাঁদের কেউ কেউ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার কথা নিশ্চিত করলেও কোনো প্রাণহানি, লুটপাট কিংবা অগ্নিসংযোগের কোনো তথ্য দেননি।চরের বাসিন্দাদের ভাষ্যমতে, গত মঙ্গলবার ভোরে হাতিয়ার চরাঞ্চলের মিয়া সিকদার, মুন্সীয়া চোরা, গিয়াসউদ্দিন, মালেক ফয়রাজী ও নিজাম কমান্ডারের বাহিনী একত্র হয়ে নাসির কেরানি ওরফে নাসির কমান্ডারের নিয়ন্ত্রণে থাকা নলেরচর, কেরিংচর, চরবাশার, নঙ্গইল্যারচর নিজেদের দখলে নেয়। ওই সময় নাসির বাহিনীর লোকজন হামলার মুখে পিছু হঠে যায়। পরে নাসির বাহিনী সন্দ্বীপ এলাকার জলদস্যু টিপুসহ আরও কয়েকটি দস্যুবাহিনীর সহায়তা নিয়ে বুধবার রাতে হাতছাড়া হওয়া সব চরে একযোগে ঢুকে পড়ে এবং চরের নিয়ন্ত্রণ নেয়। উভয় পক্ষের দখল-পাল্টাদখল চলাকালে প্রাণহানি ও লুটপাটের ঘটনা ঘটে বলেও স্থানীয় লোকজন বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান। কিন্তু নির্যাতনের ভয়ে এ বিষয়ে তাঁরা প্রকাশ্যে কারও কাছেই মুখ খুলছেন না বলে জানা গেছে।তদন্ত কমিটি পুনর্গঠন: হাতিয়ার চরাঞ্চলের ২ নম্বর চানন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ অন্যান্য চরাঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর হত্যা, অপহরণ, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের ব্যাপারে গত রোববার গঠিত তদন্ত কমিটি গতকাল পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত সাতটি তদন্ত দলের মধ্যে ছয়টির নেতৃত্বে রয়েছেন—১. মুকবুল হোসেন ভূঁঞা, ডিআইজি, চট্টগ্রাম বিভাগ; ২. হারুন-উর-রশিদ হাযারি, পুলিশ সুপার, নোয়াখালী; ৩. নিজাম উদ্দিন, সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল, নোয়াখালী; ৪. বিল্লাল হোসেন, ওসি, ডিবি; ৫. জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাতিয়া থানা এবং ৬. সাইফুল ইসলাম, কন্টিনজেন্ট কমান্ডার, হাতিয়া কোস্টগার্ড। এ ছাড়া র‌্যাবের একটি দল তদন্ত করছে।ধর্ষণের অভিযোগ: গত মঙ্গলবার রাতে হাতিয়ার নলেরচরের দরবেশ বাজারের আশপাশের এলাকার পাঁচজন নারীকে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পাঁচজন নারী গতকাল হাতিয়া উপজেলা সদরে এসে সাংবাদিকদের কাছে ধর্ষণ, মারধর ও লুটপাটের কাহিনি বর্ণনা করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালি উল্যাহ ও ভাইস চেয়ারম্যান আবুল খায়ের মো. রাতুল।নাসির বাহিনীর নেতৃত্বে মিছিল: হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলে আধিপত্য বিস্তারকারী নাসির বাহিনীর সন্ত্রাসীদের নেতৃত্বে প্রায় দুই হাজার লোক গত রোববার চরাঞ্চলের বিভিন্ন বাজারে মিছিল করেছে। মিছিলকারীরা ভূমিহীন বাজার, জনতা বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। জানা গেছে, নাসির বাহিনীর সদস্যরা বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের অস্ত্রের মুখে মিছিলে যোগদান ও তাদের শিখিয়ে দেওয়া স্লোগান দিতে বাধ্য করে।