হাতিয়ার চরে পুলিশ ক্যাম্পে হামলা-ভাঙচুর, আহত ৫০
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেরচরে দখল-পাল্টাদখলের পাশাপাশি স্থানীয় মোর্শেদবাজার পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ক্যাম্পে আশ্রয় নেওয়া মুন্সিয়া বাহিনীর সদস্যদের ছিনিয়ে নিতে প্রতিপক্ষ নাসির কমান্ডারের লোকজনের পক্ষের কয়েক শ ভূমিহীন মানুষ গত রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই হামলা চালায় ও ক্যাম্প ঘেরাও করে রাখে।পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদের নেতৃত্বে দাঙ্গা পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় ক্যাম্পের তিন কনস্টেবল এবং অর্ধশতাধিক ভূমিহীন মানুষ আহত হয়।ওই ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেনকে দায়িত্বে অবহেলার অভিযোগে রোববার রাতেই প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে নিয়ে আসা হয়। এর আগে চরের ভূমিহীন লোকজন দস্যুদের সহায়তার অভিযোগে তাঁকে প্রত্যাহারের দাবিতে এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেছিল।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, কৃষকের ধান লুটের পাশাপাশি চর দখলে নিতে গত বৃহস্পতিবার থেকে আবার মরিয়া হয়ে উঠেছে একাধিক দস্যুবাহিনী। গত বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার দক্ষিণে চর কালাম ও দমারচর এলাকা থেকে বেশ কয়েকটি ট্রলারে করে জলদস্যু সর্দার মুন্সিয়া চোরার নেতৃত্বে মিয়া সিকদার, বাহার কেরানি, মালেক ফরাজী ও রামগতির গিয়াস উদ্দিন ওরফে গেইস্যা ডাকাতের বাহিনী একত্র হয়ে হাতিয়ার উত্তর-পূর্ব পাশের ইসলামচর ও ঠেঙ্গারচরে অবস্থান নেয়।তাঁরা পরবর্তী সময়ে বর্তমানে চরের নিয়ন্ত্রণকারী নাসির কমান্ডারের বাহিনীকে উৎখাতের জন্য আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার রাতে জাহাইজ্জারচরের মূল আস্তানায় হানা দেয়। এ সময় নাসির কমান্ডারের লোকজন পিছু হটে চরের গহিন জঙ্গলে অবস্থান নেয়।মুন্সিয়া বাহিনীর ৭০-৮০ জন সদস্য গত রোববার বিকেলে নলেরচর ঢোকে। এ সময় তাঁরা ইতিপূর্বে ওই চর থেকে বিতাড়িত তাঁদের বাহিনীর সমর্থক বেশ কিছু ভূমিহীন মানুষকে তাঁদের বাড়িঘরে তুলে দেয়। কিন্তু ওই সময় পুলিশ মুন্সিয়া বাহিনীর চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয় সূত্র জানায়।এরপর রাত সাড়ে নয়টার দিকে নাসির বাহিনীর ছত্রছায়ায় কয়েক শ ভূমিহীন মানুষ মুন্সিয়া বাহিনীর লোকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় মুন্সিয়া বাহিনীর লোকেরা ধাওয়া খেয়ে স্থানীয় মোর্শেদবাজার ক্যাম্পে আশ্রয় নিলে নাসির বাহিনী সেখানেও হামলা চালিয়ে ক্যাম্পের বেড়া, দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় ক্যাম্পের পুলিশ নয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।পরে রাত সাড়ে ১২টার দিকে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্যাম্পে আটকে পড়া মুন্সিয়া বাহিনীর ৩৫ সদস্যকে আটক করার কথা বলে সেখান থেকে বয়ারচর এনে ছেড়ে দেয়।এএসপি মাহবুব রশীদ গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, রোববার রাতে একদল উচ্ছৃঙ্খল লোক তাঁদের ক্যাম্পে আশ্রয় নেওয়া কিছু লোককে ছাড়িয়ে নিতে সেখানে হামলা চালিয়ে ক্যাম্প ঘেরাও করে রেখেছিল।গত ১১ অক্টোবর হাতিয়ার দক্ষিণের ত্রাস জলদস্যু সর্দার মুন্সিয়া চোরা বাহিনী চরের বিভিন্ন দস্যুবাহিনীকে নিয়ে নাসির কমান্ডারের বাহিনীকে হটিয়ে জেলার মূল ভূখণ্ড-সংলগ্ন হাতিয়ার চরনঙ্গলিয়া, কেরিংচর, নলেরচর, চরবাশার, জাহাইজ্জারচরসহ আশপাশের চরের নিয়ন্ত্রণ নেয়। এরপর ১৪ অক্টোবর চর পাল্টা দখলে নেয় নাসির কমান্ডার ওরফে নাসির বাহিনী। ওই পাল্টা দখলের ঘটনায় সাতজনকে অপহরণের পর হত্যা করে। লাশ গুমের একটি মামলাও হয় থানায়।