হাতিয়ার চরে যৌথ অভিযান এক দিনেই শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরাঞ্চলে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে দস্যু দমনে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান এক দিনেই শেষ হয়ে গেছে। অভিযানে কোনো দস্যু ধরা পড়েনি। উদ্ধার হয়নি কোনো অস্ত্রশস্ত্র। জানা গেছে, পুলিশ গত রোববার থেকে হাতিয়ার চানন্দী ইউনিয়নের বিভিন্ন চরে টহল দিতে থাকে। গত সোমবার সকাল থেকে শুরু হয় র‌্যাব-পুলিশের যৌথ অভিযান। নলেরচর, কেরিংচর, চর বাশার, দরবেশবাজার, জনতাবাজার, ভূমিহীন বাজারসহ বিভিন্ন এলাকায় সোমবার দিনভর ওই অভিযান চলে। সন্ধ্যায় র‌্যাব এবং রাত নয়টার দিকে পুলিশের সদস্যরা চর থেকে ফিরে আসেন।পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশীদ হাজারী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, র‌্যাব-পুলিশের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। তাঁরা চরের বিভিন্ন বিষয়ে এবং দস্যুদের ব্যাপারে খোঁজ নিচ্ছেন। পরে সুবিধাজনক সময় আরও বড় অভিযান চালানো হবে।গত সপ্তাহের ওই সহিংস ঘটনার তদন্তে র‌্যাব ও পুলিশের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার গঠিত তদন্ত কমিটি নিজ নিজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানান পুলিশ সুপার।নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন জানান, তাঁরা তদন্তকালে দরবেশবাজারে তিনটি দোকানে হামলার সত্যতা (দোকানের টিন কাটা) পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের জানিয়েছেন, ১২ অক্টোবর দুই দল দস্যুর মধ্যে সংঘর্ষ চলাকালে ওই দোকানগুলোয় হামলা-ভাঙচুর চালানো হয়। র‌্যাব-১১-এর মেজর আবদুর রহমান প্রথম আলোকে জানান, সোমবার সন্ধ্যায় তাঁদের সদস্যরা চর থেকে ফিরে আসেন। স্থানীয় পুলিশ যখনই তাঁদের সহায়তা চাইবে, তখনই তাঁরা আসবেন। তিনি জানান, চরের বাসিন্দারা হত্যা, লুটপাট কিংবা অগ্নিসংযোগের ব্যাপারে কোনো তথ্য দেননি।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরউদ্দিন জানান, সাতজনকে হত্যা করা হয়েছে দাবি করে ইব্রাহিম সর্দারের ছেলে নাজিমউদ্দিন থানায় যে মামলা করেছেন, তার তদন্ত চলছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, চরের দখল নিয়ে গত সপ্তাহে দুই দল দস্যুর মধ্যে সহিংস ঘটনা চলাকালে প্রাণহানি যে ঘটেনি, তাঁরা তা এখনই নিশ্চিত করতে পারছেন না। তাঁরা ভিন্ন কৌশলে পুরো বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে শুরু করছেন। নলেরচরের বাসিন্দা আবুল কালাম গতকাল প্রথম আলোকে জানান, দুই দস্যু বাহিনীর চর দখল-পাল্টাদখলের পর বর্তমানে নাসির কমান্ডারের লোকেরা চরের নিয়ন্ত্রণে রয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার নাসির বাহিনীর হাতে হত্যা, অপহরণ, নারী নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটলেও এখন কেউ কারও কাছে মুখ খুলছে না। কারণ মুখ খুললে হয় দুনিয়া থেকে নতুবা চর থেকে বিতাড়িত হতে হবে।গত মঙ্গলবার ভোরে হাতিয়ার চরাঞ্চলের মিয়া সিকদার, মুন্সিয়া চোরা, গিয়াস উদ্দিন, মালেক ফয়রাজী ও নিজাম কমান্ডারের বাহিনী একত্র হয়ে হামলা চালিয়ে নাসির কেরানী ওরফে নাসির কমান্ডারের নিয়ন্ত্রণে থাকা নলেরচর, কেরিংচর, চরবাশার, নঙ্গইল্যার চর নিজেদের দখলে নেয়। ওই সময় নাসির বাহিনীর লোকেরা হামলার শিকার হয়ে পিছু হটে। পরে নাসির বাহিনী সন্দ্বীপ এলাকার কয়েকটি দস্যু বাহিনীর সহায়তায় গত বুধবার রাত আটটার দিকে হাতছাড়া হওয়া সব চরে একযোগে ঢুকে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। উভয় পক্ষের দখল-পাল্টাদখল চলাকালে দুই পক্ষেরই লোকজনের প্রাণহানি ও লুটপাটের ঘটনা ঘটে বলে অনেকে সংবাদমাধ্যমকে জানান।