হাতিয়ার চরে স্থাপিত হচ্ছে আরও চারটি পুলিশ ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং আসন্ন মৌসুমে ধান কাটা নির্বিঘ্ন করতে নোয়াখালীর হাতিয়ার চরাঞ্চলে স্থাপিত হচ্ছে আরও তিন থেকে চারটি পুলিশ ক্যাম্প। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সেখানে তিনটি ক্যাম্প রয়েছে।পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী গতকাল বুধবার ওই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কদিন পরই ধান কাটা শুরু হবে। ওই সময়ে কেউ যাতে কৃষকের ধান নিজেদের গোলায় না ভরতে পারে সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নঙ্গলিয়ারচর, কেরিংচর ও চরবাশারে ওই সব ক্যাম্প স্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে গতকালই নঙ্গলিয়ার চরের জনতা বাজারে একটি ক্যাম্পের জায়গা চূড়ান্ত করা হয়েছে। অন্য ক্যাম্পগুলোর স্থানও যত শিগগির সম্ভব নির্ধারণ করা হবে।