হাতিয়ার চরে হত্যা লুটপাটের ঘটনায় পুলিশের তদন্ত শুরু
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলের চর, নঙ্গলিয়ার চর, কেরিংচর ও চরবাশারসহ বিভিন্ন চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনীর হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা তদন্তে পুলিশ পাঁচটি দল গঠন করেছে। এই দলগুলো গতকাল রোববার সকাল থেকে তদন্ত শুরু করেছে।হাতিয়ার চরাঞ্চলে সন্ত্রাসী নাসির বাহিনী গত বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত প্রায় ৩৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে একাধিক সূত্র দাবি করে। এ ছাড়া নিখোঁজ হয় ৫০ জন। ৩০০ ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ব্যাপারে শনিবার হাতিয়া থানায় একটি মামলা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিজাম উদ্দিন, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল চৌধুরী ও হাতিয়া থানার ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে চারটি তদন্ত দল গঠন করা হয়েছে। এ ছাড়া র্যাবের একটি দল ওই ঘটনা তদন্ত করছে।চরগুলোর অবস্থান অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা তদন্ত শেষ করে জেলা সদরে পৌঁছাতে পারেনি। তদন্ত দলগুলোর সঙ্গে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরাও রয়েছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তদন্ত শেষে দলগুলো জেলা সদরে ফিরে পুলিশ সুপারের কাছে পৃথক প্রতিবেদন দাখিল করবে। নাম প্রকাশে অনিচ্ছুক চানন্দী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে জানান, তাঁদের কারও পক্ষে তদন্ত দলের কাছে সত্য কথা বলা সম্ভব হয়নি। তাঁরা সবাই নাসির বাহিনীর লোকজনের পরামর্শে তদন্ত দলগুলোকে সাক্ষাৎকার দিয়েছেন। তাঁরা আরও জানান, ওই বাহিনীর লোকজনের পরামর্শমতো সাক্ষাৎকার না দিলে তাঁদেরও লাশ হতে হবে এবং তাঁদের লাশও খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি দেওয়া হয়েছে।প্রাণ বাঁচাতে পাঁচ হাজার লোকের পলায়ন!নাসির বাহিনীর কবল থেকে বাঁচতে হাতিয়ার চানন্দী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল থেকে পালিয়ে গত চার দিনে প্রায় পাঁচ হাজার লোক হাতিয়া সদরে এসেছে। হাতিয়ার তমরদ্দি ও নলচিরা লঞ্চঘাটে গিয়ে পালিয়ে আসা লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।নঙ্গলিয়ার চরের জনতা বাজারের চা দোকানি দ্বীন মোহাম্মদ (৪৫) পালিয়ে হাতিয়ায় এসেছেন। কিন্তু তাঁর পরিবারের সবাই নঙ্গলিয়ার চরে রয়ে গেছে। শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, ‘নাছির বাহিনী হত্যার জন্য যাদের খুঁইজছে সে তালিকায় আমারও নাম রয়েছে বলে জাইনতে পাইরাছি। তাই আমি রাইতের আন্দারে বৃহস্পতিবার নঙ্গইল্যার চর থেকে পালিয়ে বয়ারচর চইল্যা যাই। সেইখানেও নিরাপদ নয় মনে কইরা শুক্রবার হাতিয়া চইল্যা আসি।’ গত চার দিনে নঙ্গলিয়ার চরের ভূমিহীন বাজারে খুচরা সার বিক্রেতা শামীম (২৫), একই চরের জনতা বাজারের কাপড় দোকানদার বিপ্লব (৩৫), নলেরচরের থানার হাট এলাকার বাসিন্দা এমরান (২৫) এবং একই চরের এরশাদ বাজারের ইসমাইল (৩৫) ও অলি উল্যাহ (৪০) হাতিয়া চলে এসেছেন। তাঁরা জানান, তাঁদের দোকান ও বাড়ির সব মালামাল লুট হয়েছে।