অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর হাতিয়ার বিস্তীর্ণ এলাকায় গতকাল বুধবার তৃতীয় দিনের মতো জলাবদ্ধতা অব্যাহত ছিল। এদিকে মঙ্গলবার রাতে হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্লা গ্রামে জোয়ারে পানিতে ভেসে আসা সাপের কামড়ে মারা গেছেন অজিফা খাতুন (৪০) নামের এক নারী। তিনি ওই গ্রামের ভ্যানচালক নূরুল আলমের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে যাওয়া হাঁস-মুরগি খুঁজতে ওই নারী বাড়ির পাশে গেলে বিষধর সাপ তাঁকে কামড় দেয়। রাত নয়টার দিকে তিনি মারা যান। সাপের কামড়ে নারীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন সুখচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল থাকায় সুখচরের বেশির ভাগ এলাকাই এখনো কয়েক ফুট পানির নিচে ডুবে আছে। এতে ওই এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বাড়িঘরে পানি ওঠার কারণে অনেক পরিবারে চুলায় আগুন জ্বালানোর অবস্থাও নেই।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ মেরামত না করার কারণে এবারের জোয়ারে ইউনিয়নটির বাসিন্দারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীতে পানির উচ্চতা বেশি থাকায় ভাটার সময়ও পানি না নামার কারণে তিন দিন ধরে একই অবস্থা বিরাজ করছে।অন্যদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট ও চেয়ারম্যামনঘাট-চরচেঙ্গা নৌরুটে চলাচলকারী দুটি সি-ট্রাক। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই দুটি রুটে চলাচলকারী ট্রলারের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। মাছ ধরা নৌকাগুলোকে নদীর তীরের কাছাকাছি থাকতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার অব্যাহত থাকায় এখনো দ্বীপের নিচু এলাকাগুলোর বেশির ভাগই পানির নিচে।