হাতিয়ার মেঘনায় অপহূত সাত জেলে ও চার ট্রলার উদ্ধার
নোয়াখালীর হাতিয়ার কালামচর থেকে অপহূত সাতজন জেলে ও চারটি মাছধরা ট্রলার উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পুলিশি অভিযানের মুখে দস্যুরা জেলেদের চরের ভেতরের একটি খালের পাড়ে ছেড়ে দিয়ে গভীর বনে ঢুকে যায়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন: বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্রামের আলতাফ মাঝির ছেলে মো. সুমন (২০), মো. সজীব (১৯) ও মো. রুবেল (২২) এবং একই এলাকার মো. মিরাজ মাঝি (২২), মো. ফারুক (১৮), মো. রফিক মাঝি (২৬) ও মো. শাহেদ মাঝি (২৩)।এর আগে শনিবার বিকেলে হাতিয়া থানার পুলিশ অপহূত এসব জেলেকে উদ্ধার করতে কালামচরের কাছে গেলে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে আট-দশ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশ পিছু হটে আত্মরক্ষা করে। পরে থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালালে দস্যুরা অপহূত জেলেদের উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে মেঘনা নদীর চন্দ্রমুখী খালে মাছ ধরতে গেলে জলদস্যু এমরান কমান্ডারের লোকেরা সাতজন জেলে ও চারটি মাছ ধরার ট্রলার ডাকাতি করে নিয়ে আটকে রাখে। এরপর দস্যুরা জেলেদের বাড়িতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে খবর পাঠায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করলে তারা তৎপর হয়।