হাতিয়ার সাংসদ ফজলুল আজিমের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম গতকাল বুধবার তাঁর নির্বাচনী এলাকা হাতিয়া যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সকাল ১০টার দিকে হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যান ঘাটে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় সাংসদের দুই সঙ্গী আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সাংসদ ফজলুল আজিম নদীপথে নির্বাচনী এলাকায় যাওয়ার উদ্দেশে সকাল ১০টার দিকে তাঁর সফরসঙ্গীদের নিয়ে চেয়ারম্যান ঘাট পৌঁছান। এ সময় আগে থেকে সেখানে অবস্থানরত ২০-২৫ জনের একদল সন্ত্রাসী সাংসদকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সাংসদের সঙ্গী হিমেল (২৮) ও মাহবুব (২৬) আহত হন। সাংসদ ফজলুল আজিম অভিযোগ করেন, হাতিয়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলীর ইন্ধনে তাঁর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়।তবে মোহাম্মদ আলী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আগের দিন ফজলুল আজিমের লোকজন বয়ারচরের নিরীহ কয়েকজনকে মারধর করলে চরের লোকজন গতকাল সাংসদের কাছে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন।চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন। সাংসদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছার পর সি-ট্রাকে ওঠার আগ মুহূর্তে একদল সন্ত্রাসী তাঁর লোকজনকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।