হাতিয়ার সেই এসআই সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে চাঁদাবাজির অভিযোগে পিটুনির শিকার স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এদিকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গত বুধবার রাতে নিঝুম দ্বীপ বাজার বণিক সমিতির সভাপতি ইব্রাহিম পাটিসহ ১১ জনের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করেছেন এসআই নজরুল।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী বলেন, ঘটনা তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে এসআই নজরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এসপি জানান, গতকাল বৃহস্পতিবার এসআই নজরুলকে নিঝুম দ্বীপ থেকে নোয়াখালী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সূত্রের অভিযোগ, নিঝুম দ্বীপ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই নজরুল সেখানে যোগদানের পর থেকে স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে নানাভাবে হয়রানি করা হতো। সূত্রের ভাষ্যমতে, গত মঙ্গলবার স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনা নিয়ে মাছ ব্যবসায়ীদের সঙ্গে এসআই নজরুলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মাছ ব্যবসায়ীরা তাঁকে বেঁধে থানায় খবর দেন।হাতিয়া থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, এসআই নজরুলকে আটকে রাখার খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গেই নিঝুম দ্বীপের দিকে রওনা হন। তিনি সেখানে পৌঁঁছার আগেই দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।