হাতিয়ার সেই নারীকে হুমকি গ্রেপ্তার হননি আসামি
নোয়াখালীর হাতিয়ার নারীকে প্রকাশ্যে রাস্তায় পেটানোর ঘটনায় অভিযুক্ত মো. শাহজাহানকে গতকাল রোববারও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো ওই নারীকে শাহজাহানের লোকজন মুঠোফোনে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, আমজাদ হোসেন ও মিরাজ উদ্দিন নামের দুই ব্যক্তি গতকাল বিকেলে মুঠোফোনে তাঁকে হুমকি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে মুঠোফোনে ওই নারী প্রথম আলোকে বলেন, ‘হুমকিদাতা দুই ব্যক্তি তাঁকে বলেন পুলিশ ও সাংবাদিকেরা কতক্ষণ তোকে পাহারা দিয়ে রাখবে। এখনো সময় আছে এসব বন্ধ কর। না হলে বাড়িঘরও থাকবে না।’
গত সোমবার নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকায় ওই নারীকে রাস্তায় গাছের ডাল দিয়ে পেটান শাহজাহান। এক যুবক মুঠোফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। সে ভিডিও প্রকাশ হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার শাহজাহানকে আসামি করে ওই নারী হাতিয়া থানায় মামলা করেন।
এদিকে নির্যাতনের ঘটনা তদন্তে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খিশা। তিনি নির্যাতিত নারীর বাড়িতে গিয়ে তাঁর মেয়ের কাছ থেকেও সেদিনের ঘটনার বর্ণনা শোনেন।
জানতে চাইলে এএসপি নবজ্যোতি খিশা প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে তিনি ওই নারীকে চাঁদার দাবিতে শাহজাহান পিটিয়েছেন বলে সত্যতা পেয়েছেন। ঘটনার সময় আশপাশে লোকজন থাকলেও তাঁরা শাহজাহানের আক্রমণের শিকার হওয়ার ভয়ে কেউ এগিয়ে আসেননি বলে তথ্য পাওয়া গেছে।
এক প্রশ্নের জবাবে নবজ্যোতি খিশা বলেন, অভিযুক্ত শাহজাহান একসময় হাতিয়া থানায় ‘দালালি’ করতেন বলেও তথ্য পাওয়া গেছে। তবে বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর তিনি (শাহজাহান) থানায় দালালি করতে পারেন না। কিন্তু আগে যেহেতু তিনি থানায় দালালি করতেন, তাই এলাকার অনেকে তাঁকে ভয় করে বলেও জানান সহকারী পুলিশ সুপার।
হাতিয়া থানার ওসি এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, শাহজাহানকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতায় কোনো ঘাটতি নেই।