হাতিয়ার ৭ জেলের লাশ ভারতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের পার্থপ্রতিমা থানা এলাকায় বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলার থেকে সাত জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৪ আগস্ট নোয়াখালীর হাতিয়া থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি নূর আলম নামের নিখোঁজ ট্রলারে জেলে ছিলেন ১৭ জন।
পার্থপ্রতিমা থানা সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে পার্থপ্রতিমা থানার ব্রজবল্লভপুর উপকূলে বঙ্গোপসাগরে একটি ট্রলার উল্টে ভাসতে দেখা যায়। পরে ভারতীয় মৎসজীবীরা ট্রলারের সাহায্যে টেনে সেটিকে তীরে নিয়ে আসেন। এরপর তাঁরা পার্থপ্রতিমা থানায় খবর দেন। পরে ট্রলারের পানি বের করে সেটির কেবিন থেকে সাত জেলের লাশ উদ্ধার করা হয়। সে সময় কেবিনে প্লাস্টিকে মোড়া একটি মুঠোফোন পাওয়া যায়। ওই মুঠোফোনের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় লাশগুলো বাংলাদেশি মৎস্যজীবীদের। পরে লাশগুলো পার্থপ্রতিমা থানায় নেওয়া হয়।
ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা জানান, লাশগুলো পচে বিকৃত হয়ে গেছে। কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে লাশগুলোর ময়নাতদন্ত করা হবে। তিনি বলেন, লাশগুলো দ্রুত বাংলাদেশে পাঠাতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। মন্ত্রী বলেন, ট্রলারে আরও লাশ পাওয়া যেতে পারে বলে তাঁর আশঙ্কা।
ট্রলারের মালিক নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার বাসিন্দা নবীর উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১৪ আগস্ট ১৭ জন জেলে নিয়ে তাঁর এফবি নূর আলম নামের ট্রলারটি মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরদিন ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নিখোঁজ হয়। এ বিষয়ে ২১ আগস্ট হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নবীর উদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পার্থপ্রতিমা থানা এলাকার একজন জেলে ফোন করে সাগর থেকে সাতটি লাশসহ একটি ট্রলার তীরে টেনে তুলে আনার কথা তাঁকে জানান। এরপর তাঁরা বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি ওই জেলের কাছ থেকে পার্থপ্রতিমা থানার মুঠোফোন নম্বর নিয়ে যোগাযোগ করেন। উদ্ধার হওয়া লাশগুলো দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
নবীর উদ্দিন জানান, নিখোঁজ জেলেরা হলেন জাফর উদ্দিন, মো. রাশেদ, তাজুল ইসলাম, মো. জাফর, মিরাজ উদ্দিন, মো. স্বপন, মো. ফরহাদ, জহির উদ্দিন, মনির উদ্দিন, মো. মিরাজ, মো. মেহরাজ, সালাহ উদ্দিন, মো. সোহেল, রোমান হোসেন, মো. মিরাজ, মো. নিশান ও এনায়েত উদ্দিন। তাঁরা সবাই মারা গেছেন বলে তাঁর আশঙ্কা। তাঁদের বাড়ি হাতিয়ার জাহাজমারা ও নিঝুম দ্বীপে।
হাতিয়া থানার ওসি মো. গোলাম ফারুক বলেন, হাতিয়া থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার নিখোঁজ হওয়ার বিষয়ে ২১ আগস্ট একটি জিডি হয়েছিল।