হাতিয়ায় অপহরণের পর কৃষককে উদ্ধার আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের রাজের হাওলা গ্রামে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন কৃষক শংকর চন্দ্র দাস। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। শংকর চন্দ্র দাস দাবি করেন, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে যান। রাত নয়টায় সেখান থেকে তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রেখে বেদম মারধর করে। পরে মুঠোফোনে তাঁর ছেলে যতীন চন্দ্র দাসের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে অপহরণকারীরা শংকর চন্দ্র দাসকে মেরে ফেলার হুমকি দেয়। শংকর চন্দ্র দাস আরও বলেন, অপহরণকারীরা দুটি সাদা কাগজ ও তিনটি ৫০ টাকার স্ট্যাম্পে জোর করে তাঁর সই নেয়। অপহরণের ৪৮ ঘণ্টা পর গত সোমবার রাত ১০টার দিকে পুলিশ ওই গ্রামের অঞ্জলি দাসের ঘর থেকে তাঁকে উদ্ধার করে। অঞ্জলি দাস পুলিশের কাছে দাবি করেন, এ ঘটনায় তিনি জড়িত নন। গত মঙ্গলবার শংকর দাসের ছেলে যতীন চন্দ্র দাস অপহরণ, মুক্তিপণ দাবি ও অন্যান্য অভিযোগ এনে চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের আকবর হোসেন, খোকন, জাবের, রুহুল আমিন ও মিরাজ উদ্দিনের বিরুদ্ধে হাতিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন। হাকিম সাইফুর রহমান মজুমদার প্রতিবেদন দাখিলের জন্য হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।