হাতিয়ায় অপহৃত ৯ জেলে উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার মেঘনার জাগলারচর এলাকা থেকে অপহৃত নয় জেলেকে গত রোববার সন্ধ্যায় উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ভোলার মনপুরা এলাকার মো. সেলিম, জাহাঙ্গীর আলম, মো. সুজন মাঝি, জামাল উদ্দিন, সাহাব উদ্দিন ও জালাল মাঝি।
আটক তিন ব্যক্তি হলেন হাতিয়ার চরকিং ইউনিয়নের ২২ নম্বর গ্রামের আফছার আলী, নলচিরা ইউনিয়নের কলাপাড়া গ্রামের ছারওয়ার হোসেন ওরফে বাবলু ও চানন্দি ইউনিয়নের নলেরচর গ্রামের বোরহান উদ্দিন। তাঁদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, শনিবার রাতে ভোলার মনপুরা থেকে নয়জন জেলে একটি ট্রলার নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। রোববার ভোরে জাগলারচরের কাছে একদল জলদস্যু ট্রলার থেকে মাছ লুট করে ও জেলেদের অপহরণ করে জাগলারচরে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে কোস্টগার্ড মেঘনার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। একপর্যায়ে রোববার সন্ধ্যা সাতটার দিকে জাগলারচর থেকে অপহৃত নয় জেলেকে উদ্ধার ও তিন জলদস্যুকে আটক করা হয়।
জানতে চাইলে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আটক দস্যুদের কাছ থেকে তিনটি বগিদা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা করা হয়েছে।