হাতিয়ায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ৫০
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে আওয়ামী লীগের উভয় পক্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাতিয়া উপজেলা সদরের ওছখালী বাজারের বেশ কিছু দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে গতকাল শনিবার সকালে উপজেলার তমরুদ্দিন বাজারে চারটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার রাতের সংঘর্ষের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিনের নেতৃত্বে শুক্রবার বিকেল পাঁচটার দিকে দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে হাতিয়ার উত্তরাংশ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরে আসার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কতিপয় যুবক ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মহিউদ্দিনের লোকেরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউছুফ আলীসহ সাবেক সাংসদ মোহাম্মদ আলীর কয়েকজন সমর্থককে মারধর করে। এ ঘটনার পর দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে ইউছুফ আলী, মাহমুদুল হক, সাইফুল ইসলাম, মো. হেলাল ও মোবাশ্বের আহম্মেদকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হাতিয়ার ওছখালী বাজারে অন্তত ২০টি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সংঘর্ষের জের ধরে উপজেলার তমরুদ্দিন, আফাজিয়া ও নলছিরা বাজারেও মোহাম্মদ আলী ও মহিউদ্দিনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সব সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, তাঁর লোকজনের ওপর বিনা উসকানিতে মহিউদ্দিনের লোকজন হামলা চালিয়েছে। তবে মহিউদ্দিন জানান, মোহাম্মদ আলীর লোকেরা তাঁদের ওপর হামলা চালায়।হাতিয়া থানার এসআই জামিল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই এসআই লাঞ্ছিত হয়েছেন। তবে কোনো পক্ষই এখনো মামলা করেনি।