হাতিয়ায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু, শিশু গুরুতর দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় রান্নাঘরের চুলা থেকে ঘরে আগুন লেগে পুড়ে মারা গেছেন মা মাহফুজা বেগম (২২) ও মেয়ে জান্নাত বেগম (৪)। গুরুতর অগ্নিদগ্ধ ছেলে সুজন (১৮ মাস) চিকিৎসাধীন। গতকাল সোমবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার তমরদ্দি ইউনিয়নের আঠারবেকী গ্রামে। নিহতদের স্বজন ও স্থানীয় লোকজনের বিবরণ অনুযায়ী, গতকাল দুপুরে তমরদ্দি বাজার থেকে আধ কিলোমিটার দক্ষিণে বেড়ির ওপর শণের ঘরে শুকনো পাতা দিয়ে ভাত রান্না করছিলেন ইটভাটার শ্রমিক জাহাঙ্গীরের স্ত্রী মাহফুজা। বিশেষ প্রয়োজনে তিনি ঘরের বাইরে যান। এ সময় মেয়ে জান্নাত চুলার সামনে এবং ছেলে সুজন ঘুমিয়ে ছিল। কিছুক্ষণ পর মাহফুজা ফিরে দেখেন, পুরো ঘর আগুনে জ্বলছে। বাচ্চা দুটিকে উদ্ধারের জন্য মাহফুজা ঘরে ঢোকেন। এ সময় তাঁর গায়ের কাপড়চোপড়ে আগুন ধরে যায়। ঘটনার পরপরই মাহফুজা, জান্নাত ও সুজনকে ঘর থেকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জান্নাত মারা যায়।