হাতিয়ায় ইউরিয়া সংকট, কৃষকের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। কৃষকেরা চাহিদা অনুযায়ী ইউরিয়া পাচ্ছেন না। উপরন্তু ইউরিয়ার দাম বাড়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমন অবস্থায় উপজেলার আটজন সারের ডিলারের মধ্যে চারজন মে মাসের জন্য বরাদ্দ হওয়া ইউরিয়া তোলেননি।উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় মে মাসের জন্য ৩০০ মেট্রিকটন ইউরিয়া বরাদ্দ ছিল। আটজন ডিলারের মধ্যে চারজন ১৫২ মেট্রিকটন সার তুলেছেন। এই সার হাতিয়ায় পৌঁছেছে ১৯ জুন। বাকি চারজন ডিলার তাঁদের নামে বরাদ্দ সার এখনো তোলেননি। জুন মাসের জন্য বরাদ্দ ৮০০ মেট্রিকটন ইউরিয়া ২৩ জুন পর্যন্ত হাতিয়ায় পৌঁছায়নি। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সূত্রে জানা গেছে, আউশ চাষের ভরা মৌসুমে হাতিয়ার সর্বত্র এখন সারের জন্য হাহাকার। সময়মতো ইউরিয়া না পাওয়ায় এবং সারের দাম বাড়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।উপজেলার চরকিং ইউনিয়নের কৃষক আবুল হাশেম বলেন, আগে এক বস্তা ইউরিয়ার দাম ছিল ৬২০ টাকা; এখন তা ১১০০ টাকা। চড়া দামেও এখন ইউরিয়া পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এলাকার কৃষকেরা অভিযোগ করেন, তাঁরা বিক্রয়কেন্দ্রগুলোয় গিয়ে ইউরিয়া না পেয়ে ফিরে আসছেন। খুচরা বিক্রেতা ও সারের ডিলাররা তাঁদের বলছেন—সার এলে পাবেন।সুখচর ইউনিয়নের বাসিন্দা ও বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন, নোয়াখালী জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, সারসংকট ও সারের দাম বাড়ায় হাতিয়ার হাজার হাজার কৃষক বিপাকে পড়েছেন। সারের দাম বাড়ার প্রতিবাদে ক্ষেতমজুর ইউনিয়ন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), হাতিয়া শাখার সভাপতি সাহাব উদ্দিন বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই জুন মাসের জন্য বরাদ্দ ইউরিয়া হাতিয়ায় পৌঁছাবে। তখন সারসংকট কেটে যাবে।উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল হক চৌধুরী বলেন, ইউরিয়ার যথেচ্ছ ব্যবহারের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে। এ ছাড়া পার্শ্ববর্তী দেশগুলোয় ইউরিয়ার দাম অনেক বেশি। সরকার বিদেশ থেকে অধিক দামে সার কিনে অনেক কম দামে কৃষকদের কাছে বিক্রি করছে। জমিতে ইউরিয়া ব্যবহারের নেতিবাচক প্রভাব সম্পর্কে কৃষকদের পর্যায়ক্রমে বোঝানো হবে।উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশীদ বলেন, জুন মাসের জন্য বরাদ্দ ইউরিয়া আগামী কয়েক দিনের মধ্যেই উপজেলায় পৌঁছে যাবে এবং সংকট কেটে যাবে।