মহিষের বিচরণের কারণে নোয়াখালীর হাতিয়ায় বন বিভাগের নলচিরা রেঞ্জের ঢালচর বিটের সংরক্ষিত বন ‘নিউ চর জোনাক’ উজাড় হতে চলেছে।নলচিরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এ বি এম সাজেদুল ইসলাম প্রথম আলোকে জানান, স্থানীয় বন বিভাগ মেঘনার বুকে নতুন জেগে ওঠা চরে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এক হাজার ৫৬০ হেক্টর জমিতে বনায়ন করে। স্থানীয় কিছু লোক গত ১৬ জুন ওই বনে প্রায় এক হাজার মহিষ ছেড়ে দেয়। এসব মহিষ ওই বনভূমির চারাগাছ উজাড় করে চলেছে। তিনি ওই বনভূমিকে উজাড়ের হাত থেকে রক্ষার জন্য গত ১৭ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। বন বিভাগ সূত্র জানায়, বন বিভাগ তমরদ্দি ইউনিয়নের ‘নিউ চর জোনাক’-এ উপকূলীয় চর বনায়নের আওতায় ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১০২০ হেক্টর, ২০০৮-০৯ অর্থবছরে উপকূলীয় চরভূমি ও নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান কর্মসূচির আওতায় ২০০ হেক্টর এবং ২০১১-১২ অর্থবছরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় ৩৪০ হেক্টর চরভূমিতে প্রায় ১৭ লাখ ৩৪ হাজার কেওড়া ও গেওড়া চারা রোপণ করে। এতে বন বিভাগের প্রায় ২০ লাখ টাকা খরচ হয়। সূত্র জানায়, চারদিকে মেঘনাবেষ্টিত হওয়ায় ইতিপূর্বে ওই বনে গরু-মহিষ বিচরণ করেনি। ফলে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সৃজিত চারার উচ্চতা প্রায় ১০-১২ ফুট এবং ২০১১-১২ সালে সৃজিত চারার উচ্চতা দুই-তিন ফুট হয়েছে। এখন শত শত মহিষ ওই বাগান উজাড় করে চলেছে।এ ব্যাপারে বক্তব্য জানতে কোনো মহিষ মালিককে পাওয়া যায়নি। জেলা বন কর্মকর্তা ছানা উল্যাহ পাটোয়ারী ও সহকারী বন সংরক্ষক গৌরাঙ্গ চন্দ্র সাহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকার তমরদ্দি ইউনিয়নের ‘নিউ চর জোনাক’কে সংরক্ষিত বনভূমি ঘোষণা করেছে। ১৯২৭ সালের বন আইনের ৪(ক)(১) ধারা অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে গবাদিপশুর বিচরণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তার পরও এই বনভূমি মহিষের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, বন থেকে মহিষগুলো সরিয়ে দেওয়ার ব্যাপারে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশ শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেবে।