হাতিয়ায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাতিয়ার চরাঞ্চলের ১ নম্বর হরনী ইউনিয়নের জোড়খালী গ্রামে গত শনিবার নাজমা বেগম (৩৫) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে সাবেক স্বামীর পরিবারের লোকজনের পিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার নাজমার বড় বোন ১৬ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।স্থানীয় জনগণ ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী এমদাদ, শাশুড়ি ঝর্ণাসহ ওই পরিবারের সদস্যরা প্রায়ই নাজমাকে মারধর করত। নির্যাতন সহ্য করতে না পেরে গ্রাম্য সালিসের মাধ্যমে প্রায় এক মাস আগে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে।গত শনিবার বিকেলে নাজমা আগের স্বামীর বাড়ির কাছাকাছি তাঁর চাচা মৃত সৈয়দ আহাম্মদের বাড়িতে যান। খবর পেয়ে নাজমার মেয়ে সোনিয়া (৫) তাঁর সঙ্গে দেখা করতে আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাশুড়ি ঝর্ণা নাজমাকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে এমদাদ ও তাঁর মা ঝর্ণা পাঁচ-ছয়জন সহযোগী নিয়ে নাজমাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে উঠোনে এনে পেটাতে থাকেন। তাঁরা তাঁকে চ্যাংদোলা করে পার্শ্ববর্তী হাতিয়া বাজারে নিয়ে যান। সেখানেও তাঁকে লোকজনের সামনে মারা হয়। একপর্যায়ে নাজমার শরীর নিথর হয়ে পড়ে। সন্ধ্যায় তিনি মারা যান।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস পাল নাজমাকে পিটিয়ে হত্যার ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেন।