হাতিয়ায় ওসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেনের বিরুদ্ধে অশালীন আচরণ, মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার তমরুদ্দী ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন বাবু গতকাল মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে চেয়ারম্যান আলাউদ্দিন বাবু অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে গত ২০ জুন হাতিয়ার তমরুদ্দী লঞ্চঘাট ১ জুলাই থেকে এক বছরের জন্য হাতিয়া আদর্শ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফখরুল ইসলামের নামে ইজারা দেওয়া হয়।অন্যদিকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের অভ্যন্তরীণ ‘লোহারপুল’ ঘাট ইজারা দেওয়া হয় কামাল উদ্দিনকে। ফখরুল ইসলাম তমরুদ্দী লঞ্চঘাটের জায়গা প্রাকৃতিক দুর্যোগে ছোট হয়ে এসেছে দাবি করে ঘাটের সীমানা পুনর্নির্ধারণের জন্য বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ে আবেদন করেন। তাঁর আবেদনের নিষ্পত্তি হওয়ার আগেই তিনি ইউনিয়ন পরিষদের ইজারা দেওয়া লোহারপুল ঘাট এলাকা দখল করে সেখানে মালামাল ওঠানো-নামানো এবং টোল আদায় শুরু করেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিআইডব্লিউটিএর কাছে অভিযোগ করা হলে গত ১৬ জুলাই সংস্থার পক্ষ থেকে একটি চিঠি দিয়ে তমরুদ্দী লঞ্চঘাটের ইজারাদার ফখরুল ইসলামকে তাঁর সীমানার দক্ষিণে কাটাখালী লোহারপুল, উত্তরে আছমাখাল পর্যন্ত উল্লেখ করে তাঁর সঙ্গে সম্পাদন করা আগের চুক্তিনামা সংশোধন করে নেওয়ার অনুরোধ করা হয়। আলাউদ্দিনের অভিযোগ, তিনি বিআইডব্লিউটিএর ওই চিঠি নিয়ে গত ২৯ জুলাই পুলিশ সুপারকে অবহিত করে ইউনিয়ন পরিষদের ইজারা দেওয়া ঘাটে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে তাঁর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় পুলিশ তাঁর সামনেই হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘাটের বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দেন। এর কিছুক্ষণ পরই হাতিয়া থানার ওসি তাঁর সরকারি মুঠোফোন থেকে ফোন করে পুলিশ সুপারের কাছে কেন গেছেন জানতে চান এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে ওসি তাঁকে ঘাট নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মামলায় জড়িয়ে গ্রেপ্তারের হুমকি দেন।সংবাদ সম্মেলনে তিনি ওসির আচরণের বিচার দাবি করেন। ওসি চেয়ারম্যানকে গালমন্দ ও মামলায় জড়িয়ে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁকে ঝামেলায় না জড়িয়ে তমরুদ্দী ঘাটের ইজারাদারের সঙ্গে বসে বিষয়টি মিটমাট করে নিতে পরামর্শ দিয়েছি।’ ওসি বলেন, অতীতে কোনো চেয়ারম্যানই লোহারপুল ঘাট ইজারা দেননি। কিন্তু বর্তমান চেয়ারম্যান ঝামেলা করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে লোহারপুল ঘাট ইজারা দিয়েছেন। অন্যদিকে, তমরুদ্দী ঘাটের ইজারাদার ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি পূর্বের র্নিধারিত সীমানার ভেতর থেকে টোল আদায় করছি। এখন নতুন করে ঘাটের সীমানা পুনর্নির্ধারণের কথা শুনেছি। তবে এ বিষয়ে লিখিত কোনো আদেশ এখনো পাইনি। পেলে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে চুক্তি সংশোধন করে নিব।’