হাতিয়ায় কলেজছাত্র এসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের চরআমানুল্যাহ গ্রামে রুবেল চন্দ্র দাস (১৮) নামের এক কলেজছাত্র এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। এতে তাঁর মুখমণ্ডল, বুক ও পিঠ ঝলসে গেছে। গত রোববার রাত সাড়ে ১১টায় ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে রুবেলের ওপর এসিড ছোড়া হয়। রুবেল হাতিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। জানা যায়, রোববার রাত একটায় রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। মঙ্গলবার বিকেলে রুবেলকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র রুবেলের এসিডদগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় রুবেলের মা চারজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেছেন। আসামিরা হলেন: রুবেলের চাচা হারান চন্দ্র দাস, চাচি সন্ধ্যারানী দাস, চাচাতো ভাই জুয়েল ও সঞ্জয়।ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রুবেল এবং তাঁর মা প্রমীলা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চাচা হারান চন্দ্রের পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে তাঁদের বিরোধ চলে আসছে। রোববার সকালে চাচি সন্ধ্যারানী রুবেলকে দেখে নেবেন বলে হুমকি দেন। তাঁদের ধারণা, এ ঘটনা জুয়েল বা তাঁদের পরিবারের কেউ ঘটাতে পারে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, দ্রুত মামলার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।