হাতিয়ায় কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। উপজেলা সদরে গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা এ বিক্ষোভ করেন। এ সময় তাঁরা উপজেলা পরিষদের সামনের সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।মাছ ব্যবসায়ী ও মৎস্যজীবী সূত্র জানায়, উপজেলার চরচেঙ্গা বাজারে গত রোববার সাত ব্যবসায়ীর মাছের আড়ত ভাঙচুর ও তাঁদের ক্যাশ থেকে টাকা লুট এবং নদীতে মাছ ধরতে না দেওয়ার জন্য তাঁরা কোস্টগার্ডের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা গতকাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে অবস্থান নেন। এ সময় মিছিলকারীরা কোস্টগার্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালী উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জেলেদের দাবি নিয়ে কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন। তাঁরা রোববারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ঘোষণা দিলে জেলেরা সড়ক অবরোধ তুলে নেন।চরচেঙ্গা বাজারের মাছ ব্যবসায়ী নিজাম উদ্দিনসহ আরও কয়েকজন ব্যবসায়ী জানান, হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিল্টন কবিরের নেতৃত্বে চারজন কোস্টগার্ডের সদস্য রোববার চরচেঙ্গা বাজারের ছয় মাছ ব্যবসায়ী ও একজন কাঁকড়া ব্যবসায়ীর আড়তের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় তাঁরা বেলায়েত হোসেনের ঘরের ক্যাশ বাক্স ভেঙে ১৫ হাজার টাকা এবং কাঁকড়া ব্যবসায়ী তরিকুল ইসলামের ক্যাশ বাক্স ভেঙে ৭৩ হাজার টাকা লুট করেন।এ ছাড়া চরচেঙ্গা মাছঘাটের ট্রলার-মালিকদের অভিযোগ, কোস্টগার্ডের সদস্যরা মো. আকবরের ট্রলার থেকে ১০ হাজার, জাহেদ হোসেনের ট্রলার থেকে ছয় হাজার ৩০০ ও শুক্কুর আলীর ট্রলার থেকে আট হাজার টাকা লুট করেছেন।অভিযোগ অস্বীকার করে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিল্টন কবির গত রোববার প্রথম আলোকে বলেন, চরচেঙ্গা বাজার ও চরচেঙ্গা মাছঘাটে অভিযানের সময় ইউপি সদস্য মো. নাছিম, দফাদার জয়নাল আবদিন, স্থানীয় সাংবাদিক আমির হামজাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।