হাতিয়ায় গণপিটুনিতে তিন জলদস্যু নিহত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলেরচরে গণপিটুনিতে জলদস্যু ফারুক বাহিনীর প্রধান মো. ফারুক ওরফে ফারুক কমান্ডার (৩৫) এবং তাঁর দুই সহযোগী নিহত হয়েছেন। এ ছাড়া গণপিটুনিতে আহত আবদুল মালেক নামে ফারুকের এক সহযোগীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার নলেরচরের ভূমিহীন বাজারসংলগ্ন পাতারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অপর দুজন হলেন নুর উদ্দিন (৩৩) ও মো. কালু ওরফে কালু ডাকাত (৩২)। নিহত ফারুক কমান্ডার লক্ষ্মীপুরের রামগতির নুরু লাঠিয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নলেরচরের পাতারচর এলাকায় ফারুক বাহিনীর লোকজন ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে ফারুকসহ চারজনকে আটক করে পিটুনি দেয় জনতা। ঘটনাস্থলেই ফারুক এবং তাঁর দুই সহযোগী নুর উদ্দিন ও কালু নিহত হন। আহত অবস্থায় আবদুল মালেককে পুলিশে সোপর্দ করে জনতা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
ওসি আরও বলেন, ফারুক কমান্ডারের বিরুদ্ধে পাশের সুবর্ণচরের চরজব্বার থানা ও লক্ষ্মীপুরের রামগতি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া নুর উদ্দিন ও কালু ডাকাতের বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে।