হাতিয়ায় গণপিটুনিতে তিন দস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার নলেরচরে ভূমিহীন বাজারসংলগ্ন পাতারচর এলাকায় গণপিটুনিতে বন ও জলদস্যু মো. ফারুক ওরফে ফারুক কমান্ডার (৩৫) ও তাঁর দুই সহযোগী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত অপর দুই ব্যক্তি হলেন, নূর উদ্দিন (৩৩) ও মো. কালু ওরফে কালু ডাকাত (৩২)। এ ছাড়া গণপিটুনিতে আহত আবদুল মালেক নামের এক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
নিহত ফারুকের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। হাতিয়ার চরনঙ্গলিয়ার চরবাশারে তাঁর একটি বাড়ি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত অপর দুই ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে নলেরচরের পাতারচর এলাকায় ফারুক বাহিনীর লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে জনতা ফারুকসহ চারজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ফারুক মারা যান। গণপিটুনিতে নূর উদ্দিন, কালু ডাকাত ও আবদুল মালেক গুরুতর আহত হন। সন্ধ্যায় নূর উদ্দিন ও কালু ডাকাত ঘটনাস্থলে মারা যান। আহত আবদুল মালেককে আহত অবস্থায় পুলিশ আটক করে।
গণপিটুনিতে তিন দস্যুর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। ওসি আরও বলেন, নিহত ফারুক কমান্ডারের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া নূর উদ্দিন ও কালু ডাকাতের বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে।