হাতিয়ায় গণপিটুনির শিকার জলদস্যুর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলছিরা এলাকায় গণপিটুনির শিকার জলদস্যু মো. কাঞ্চন (২৬) গত সোমবার রাতে হাসপাতালে মারা গেছেন। নিহত কাঞ্চন পৌর এলাকার (ওছখালী) ৩ নম্বর ওয়ার্ডের অজিউল্লা ওরফে অজুর ছেলে। জানতে চাইলে গণপিটুনির শিকার জলদস্যু কাঞ্চনের মৃত্যুর কথা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। তিনি প্রথম আলোকে জানান, রাত ১০টার দিকে হাসপাতালে কাঞ্চন মারা যান। তাঁর বিরুদ্ধে হাতিয়া থানায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আটটি মামলা রয়েছে।সোমবার বিকেলে হাতিয়ার নলছিরা এলাকায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জলদস্যুদের গোলাগুলির একপর্যায়ে তাঁরা তীরে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ১৫ জল দস্যুকে আটক করে। জনতা এ সময় দস্যুদের বেধড়ক গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মারা যান।থানা সূত্রে জানা গেছে, অভিযান শেষে পুলিশ দস্যুদের ব্যবহূত একটি ট্রলার, লুট করা একটি মাছ ধরার জাল, চারটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় গ্রেপ্তার হওয়া দস্যুদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।