হাতিয়ায় গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
হাতিয়ায় গতকাল শুক্রবার গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় জান্নাতুল ফেরদাউস (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে গৃহবধূর শ্বশুর মোহাম্মদ হোসেন হাতিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, জান্নাতুল ফেরদাউস হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীদিয়া গ্রামের মো. ইব্রাহিমের স্ত্রী। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের বসতঘরসংলগ্ন বটগাছ থেকে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহত জান্নাতুলের স্বামী ইব্রাহিম ও শ্বশুর হোসেন কাউকেই পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, জান্নাতুল ফেরদাউস ও ইব্রাহিমের ১০-১১ বছরের দাম্পত্য জীবনে একটি মাত্র সন্তান হলেও পরে ওই সন্তান মারা যায়। এরপর তাঁদের আর কোনো সন্তান হয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত।