হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ফসল ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি
হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি লঞ্চঘাটের পাশে গতকাল শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়ে রবিশস্যের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মেঘনায় দুটি মাছ ধরার ট্রলার ভেঙে যায়। এ ছাড়া সাতটি বসতঘরের চাল উড়ে গেছে। ঝড়ে ভেঙে যাওয়া ট্রলার দুটির দাম প্রায় পাঁচ লাখ টাকা। যাদের বসতঘরের চাল উড়ে গেছে তারা হলো: মহিউদ্দিন, আপন জলদাস, আকবর, মজিবুল হক, আলা উদ্দিন, নবীর ও আমেনা বেগম। এ ছাড়া ঝড়ের সময় বজ্রপাতে নিঝুমদ্বীপের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি গরু মারা যায়।এদিকে গত সোমবার বিকেলেও হাতিয়ায় ঘূর্ণিঝড় হয়েছে। ওই দিন ঝড়ে নিঝুমদ্বীপে আরাফাত (৭) নামে একটি শিশু জোয়ারের পানিতে ভেসে যায়। শিশুটির লাশ উদ্ধার করা যায়নি। নিঝুমদ্বীপের ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন জানান, ঘূর্ণিঝড়ে বিভিন্ন ইউনিয়নের প্রায় পাঁচ হাজার একর জমির রবিশস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে হাতিয়া উপজেলার বয়ারচর, কেরিংচর, নিঝুমদ্বীপ, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, নলচিরা ও সুখচর ইউনিয়নের প্রায় তিন হাজার কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এসব এলাকার মানুষ এখন খোলা আকাশের নিচে বাস করছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো কোনো সাহায্য পৌঁছায়নি।