হাতিয়ায় চারটি ট্রলার ছিনতাই টাকা দিয়ে উদ্ধার
হাতিয়ার চরঈশ্বর বাংলাবাজার ঘাটের উত্তরে মেঘনা থেকে সোমবার দুটি মাছ ধরার ট্রলার এবং মঙ্গলবার রামচরণ ঘাটের উত্তরে মেঘনা থেকে আরও দুটি মাছ ধরার ট্রলার নিজাম বাহিনী ছিনতাই করে তাদের জাহাজ্জার চরের আস্তানায় নিয়ে যায়। ট্রলারগুলোর মালিকেরা মঙ্গলবার ও বুধবার মুক্তিপণ দিয়ে তা ছাড়িয়ে আনেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলে এবং হাতিয়া কোস্টগার্ড সূত্র গতকাল বুধবার বিকেলে জানায়, সোমবার দুপুর ১২টায় হাতিয়ার উত্তর উপকূলের মেঘনায় মাছ ধরার সময় চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের দুটি মাছ ধরার ট্রলার নিজাম বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা ছিনতাই করে। মঙ্গলবার বেলা দুইটায় সুখচর ইউনিয়নের রামচরণ ঘাটের উত্তরে মেঘনা থেকে জলদস্যুরা আরও দুটি মাছ ধরার ট্রলার ছিনতাই করে। একটি ট্রলারের মালিক মঙ্গলবার ৩০ হাজার টাকা দিয়ে জালসহ ট্রলার ছাড়িয়ে আনে। গতকাল বিকেল পর্যন্ত ট্রলারপ্রতি ১০ হাজার টাকা দিয়ে বাকি তিনটি ট্রলারও উদ্ধার করা হয়। জাতীয় মৎস্যজীবী সমিতির হাতিয়া শাখার সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপকালে সম্প্রতি হাতিয়ার মেঘনায় জলদস্যুদের তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। গতকাল সন্ধ্যায় হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, হাতিয়ার মেঘনা থেকে নিজাম বাহিনী চারটি মাছ ধরার ট্রলার ছিনতাই করে এবং মুক্তিপণের বিনিময়ে ট্রলারগুলো ছাড়িয়ে আনেন মালিকেরা। তিনি বলেন, হাতিয়া কোস্টগার্ডের কার্যালয় থেকে নিজাম বাহিনীর জাহাজ্জার চরে আস্তানায় যেতে তিন-চার ঘণ্টা সময় লাগে। এ ছাড়া হাতিয়া কোস্টগার্ডের সীমিত জনবলের কারণে এ ব্যাপারে সব সময় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।