হাতিয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নোয়াখালী হাতিয়ায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম গতকাল শনিবার সন্ধ্যায় এ আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নুরুল হক (২১)। তিনি চরকিং ইউনিয়নের ধনু মিয়ার গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন নুরুল হক। গতকাল বিকেলেও প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তাকে উত্ত্যক্ত করা হয়। ছাত্রীর পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ নুরুল হককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড দেওয়ার কথা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম।